২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সেনানিবাস এলাকায় মিলিটারি পুলিশকে কুপিয়ে আহত

ঢাকার কচুক্ষেতে সেনানিবাস এলাকার একটি চেকপোস্টে মিলিটারি পুলিশের এক সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 10:48 AM

Updated : 12 Oct 2022, 04:26 PM

পুরনো খবর:

আশুলিয়ায় পুলিশের খুনিরাও ছিল ‘এক মোটর সাইকেলে ৩ জন’
ঢাকায় তল্লাশির সময় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

কাফরুল থানার এস আই আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ১০টার আগে এ ঘটনা ঘটে।

মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে কোপানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।”

আহত ল্যান্স করপোরাল সামিদুল ইসলামকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ আটক সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি।

ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সহ সম্পাদক এহেছান লেনিন জেনেছেন, একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টনমেন্টে ঢোকার সময় চেকপোস্টে দায়িত্বরত এক এমপি (মিলিটারি পুলিশ) সদস্য বাহনটি থামান এবং রিকশার হাওয়া ছেড়ে দেন। কিছুক্ষণ পর পেছন থেকে দা বা চাপাতির মত ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই সেনা সদস্যকে। 

ঘটনার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপস্থিত সেনা ও পুলিশ সদস্যরা বেশ কিছুক্ষণ ধাওয়া করে এক যুবককে আটক করেন।

হামলার ঘটনার পর পর উৎসুক জনতা ওই চেকপোস্টের কাছে ভিড় জমান। খবর পেয়ে কাফরুল থানার কর্মকর্তারাও সেখানে ছুটে যান।  পরে মিলিটারি পুলিশ ও সেনা সদস্যরা জনতাকে সরিয়ে দেয় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই মিলিটারি পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।”  

গাবতলী ও আশুলিয়ায় দুই পুলিশ সদস্যকে ছুরি মেরে ও কুপিয়ে হত্যার পর দেশজুড়ে আলোচনার মধ্যেই মিলিটারি পুলিশের ওপর এই হামলা হল।

গত ৪ নভেম্বর সাভারের আশুলিয়ায় পুলিশের একটি চেকপোস্টে এক পুলিশ সদস্যক কুপিয়ে হত্যা এবং আরেকজনকে আহত করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্ত।

তার আগে দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে কড়া নিরাপত্তার মধ্যে ২২ অক্টোবর  রাতে গাবতলী সেতুর কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি তল্লাশি চৌকিতে একই ধরনের হামলায় এক এএসআই নিহত হন।