২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ঢাকার মহাখালীর সাততলা বস্তি এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 08:38 AM

Updated : 25 Apr 2022, 02:07 PM

র‌্যাব বলছে, নিহত হাবিবুর রহমান সুমন (৩৫) একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’, এলাকায় তাকে মানুষ ‘ব্যাংকক সুমন’ নামে চেনে।

সাততলা বস্তির পুকুর পাড় এলাকায় সোমবার গভীর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৪টার দিকে বনানী থানার এসআই মোস্তাক আহমেদ এক যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বিকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর একটি টহল দল গুলশানে অবস্থান করার সময় খবর আসে যে, মহাখালী আইপিএইচ পুকুর সংলগ্ন এলাকায় কতিপয় সন্ত্রাসী অবৈধ আগ্নেয়াস্ত্রসহ নাশকতামূলক কার্যকলাপের জন্য অবস্থান করছে।

“র‌্যাবের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে র‌্যাবের দুজন সদস্য আহত হয়। র‌্যাব পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গোলাগুলি থামার পর এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃতে ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি, একটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

র‌্যাব বলছে, সুমনের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়। তিনি ঢাকার মহাখালী এলাকায় ‘সন্ত্রাসী কার্যকলাপ’ চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে বানানী থানায় দুটি হত্যাসহ চারটি এবং গুলশান ও বাড্ডা থানায় দুটি অস্ত্র মামলা রয়েছ।