জাগৃতির ফেইসবুক পাতা এখন দীপনকে স্মরণের মঞ্চ
আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে নিহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে স্মরণ করছে ফেইসবুক।
সোমবার বিকালে ‘জাগৃতি প্রকাশনী দীপন’ (Jagriti Prokashony Dipan) অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, ফেইসবুকে এটিকে ‘রিমেম্বারিং’ করে রেখেছে।
ফেইসবুকে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের আবেদনের ভিত্তিতে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করা হয়। ২০১১ সালে ফেইসবুক এই সুবিধা চালু করেছে।
২০১১ সালের ডিসেম্বরে ‘রিমেম্বারিং লাভড ওয়ানস অন ফেইসবুক’ শিরোনামে ফেইসবুকের সেফটি টিমের একটি নোটে এ বিষয়ে বিস্তারিত বলা হয়।
মৃত ব্যক্তির অ্যাকাউন্টকে এভাবে স্মরণ করলে ওই অ্যাকাউন্টের ‘প্রাইভেসি সেটিং’ বদলে যায়। তখন কেবল বন্ধুরাই ওই প্রোফাইল দেখতে পায়। তবে সার্চ করেও কেউ সেই প্রোফাইল দেখতে পারে।
স্মরণ করা অ্যাকাউন্টে আর কেউ ‘লগ ইন’ করতে পারে না, হোম পেইজে ওই অ্যাকাউন্টের সাজেশন যায় না, ওই অ্যাকাউন্টের জন্মদিনের নোটিফিকেশনও দেওয়া হয় না।
গত ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে দীপনকে হত্যা করা হয়।
একই দিন হামলা হয় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ আরও তিন জনের উপর।
দীপন ও টুটুল দুজনই নিহত লেখক অভিজিত রায়ের বইয়ের প্রকাশক। জঙ্গিদের হামলায় অভিজিৎ নিহত হন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
