‘জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠ’ উদ্বোধন
গভীরতম অধ্যয়ন এবং সক্রিয় গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে উদ্বোধন হলো ‘জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠ’।
সোমবার সন্ধ্যায় ধানমণ্ডি ৭/এ এর ৬০ নম্বর বাসায় এই বিদ্যাপীঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিন তলা ওই বাড়িটিতে গবেষণা শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করেছে আবদুর রাজ্জাক স্ট্রাস্ট।
ভবনের দ্বিতীয় তলায় অধ্যাপক আবদুর রাজ্জাকের সংগৃহীত সাড়ে ৫ হাজার বইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে চালু হয়েছে একটি গ্রন্থাগার। তৃতীয় তলায় বড় দুটি কক্ষের একটিতে গ্রন্থাগারকে সম্প্রসারিত করা হবে এবং অন্য কক্ষে ছোট মিলনায়তন।
অধ্যাপক রাজ্জাকের স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী বলেন, “১৯৫২ সালে একটি বক্তব্যের মধ্য দিয়ে স্যারের সঙ্গে পরিচয়। পরে আমার শিক্ষক অধ্যাপক আবদুস সোবহান উনার কাছে নিয়ে গিয়েছিলেন। অনেক সময় আমাদের অনেক আলাপ-আলোচনা হয়েছে।”
ইংরেজি ও ঢাকাইয়া ভাষায় আবদুর রাজ্জাকের বাগ্মিতার কথাও বলেন অর্থমন্ত্রী।
“বক্তৃতা শুনে আমার মতো অনেকেই তার ভক্ত হয়ে উঠত। স্যার আমাদের ছেড়ে চলে গেছেন ১৬ বছর হয়ে গেল। তার বইয়ের সংগ্রহ নিয়ে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হওয়ায় দিনটি আমাদের জন্য আনন্দের।”
অনুষ্ঠানে নিজের সংগ্রহে ২৫ হাজার বই থাকার কথাও বলেন মুহিত।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, অধ্যাপক আবদুর রাজ্জাকের জীবনের প্রধান ক্ষেত্র বা ভালোবাসার প্রধান ক্ষেত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তার ভালোবাসার বস্তু ছিল বই। গ্রন্থপ্রেমিক শব্দটা যে আছে তার উৎকৃষ্ট দৃষ্টান্ত ছিলেন তিনি।
একটি ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “উনি ১৯৭০ সালে যখন অক্সফোর্ড থেকে ফিরছিলেন, তিনি এসেছিলেন পাকিস্তান শিপিং কর্পোরেশনের জাহাজে চড়ে। সঙ্গে বইয়ের বড় সংগ্রহ নিয়ে এলেন। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকি।
“কাস্টমসে গেলাম। ওখানে ছোটোখাটো কর্মকর্তা জিজ্ঞেস করেন, ‘প্রফেসর সাহেব আর কী এনেছেন?’ আমি বললাম, আর কিছু আনেননি। কিন্তু তার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না, প্রফেসর সাহেব এত দিন বিদেশে থেকে এলেন, বই ছাড়া কিছু আনেননি! আবার জিজ্ঞেস করছিল, ‘রেফ্রিজারেটর বা ইলেকট্রনিক্সের কিছু?’
“এত বই কী নিয়মে ছাড়ানো যায়, সেটাও আমরা বুঝতে পারছিলাম না। ভাগ্যক্রমে ওখানে ছিলেন আজিজুল হক সাহেব। তার মাধ্যমে পরে একটা ব্যবস্থা করা গেছে।”
“উনার সংগ্রহ দুই বার নষ্ট হয়ে গিয়েছিল। একবার তো ৭১ সালে বিশ্ববিদ্যালয়ের বাড়ি ছেড়ে যান, তখন কিছু নষ্ট হয়েছিল। আমরা যেসব বই অবশিষ্ট আছে তা আজ উন্মুক্ত করতে পারছি, এটার মধ্যে একটা আনন্দ আছে।”
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “উনি চেয়েছিলেন একটা জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠুক। তার সে স্বপ্ন কবে পূরণ হবে জানি না। তবে সে জ্ঞানের চর্চা করার জন্য এ জাতীয় বিদ্যাপীঠের দরকার।”
কর্তৃপক্ষ চাইলে নিজের সংগ্রহে থাকা সাড়ে ৮ হাজার বই এই বিদ্যাপীঠকে দেওয়ার কথাও জানান এই অধ্যাপক।
জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠের পরামর্শক আলম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে দ্বিতীয় তলার পাঁচটি কক্ষে অধ্যাপক আবদুর রাজ্জাকের সাড়ে পাঁচ হাজার বই স্থান দেওয়া হয়েছে।
“ইতিহাস, রাজনীতি, ধর্ম, সমাজবিদ্যা, অর্থনীতি ও আইন প্রভৃতির ওপর লেখা বই এতে আছে। ক্রমান্বয়ে লাইব্রেরির বইয়ের সংগ্রহ বাড়ানো হবে। ইতোমধ্যে আনিসুজ্জামান স্যারও তার বইগুলো দেওয়ার ঘোষণা দিয়েছেন।”
অকৃতদার অধ্যাপক রাজ্জাক মৃত্যুবরণ করার পর তার সংগৃহীত বইগুলো তার ভ্রাতুষ্পুত্র বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর তত্ত্বাবধানে ছিল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যাপীঠের উপদেষ্টা মফিদুল হক, বেঙ্গল ফাউন্ডেশন ও আবদুর রাজ্জাক ট্রাস্টের চেয়ারম্যান আবুল খায়ের লিটু বক্তব্য দেন।
ট্রাস্টের সচিব লুভা নাহিদ চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
দর্শকসারিতে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, লেখক সৈয়দ শামসুল হক, আনোয়ারা সৈয়দ হক, শিল্পী আবুল বারক আলভী প্রমুখ।
