ধারণা থেকে আইএস নিয়ে আশঙ্কা: মন্ত্রী
বাংলাদেশে আইএস থাকার যুক্তরাষ্ট্রের আশঙ্কা ‘ধারণাপ্রসূত’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর তাকে উদ্ধৃত করে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “মার্কিন রাষ্ট্রদূত আশঙ্কা প্রকাশ করেছেন, বাংলাদেশে আইএস থাকতে পারে। আমরা আমাদের স্টান্ড বলেছি। আমাদের প্রধানমন্ত্রী যা বলেছে, আমরা তাই বলেছি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন আগেই বলেছিলেন, আইএসসের বাংলাদেশে থাকার কথা বলার জন্য নানা চাপ দেওয়া হচ্ছে।
আশঙ্কার ভিত্তি সম্পর্কে রাষ্ট্রদূত কিছু বলেছেন কি না- এ প্রশ্নে মন্ত্রী বলেন, “এই সম্পর্কে কিছুই বলেন নাই। তিনি বলেছেন, ‘এটা তার ধারণা’।
“কারও আশঙ্কা থাকতে পারে না?”
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের তৎপরতায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলেও জানান মন্ত্রী।
“যুক্তরাষ্ট্র বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল দেখতে চায়।”
