২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুনের এক মামলা গেল জজ কোর্টে

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যা মামলা অভিযোগ গঠনের শুনানির জন্য জেলা জজ কোর্টে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 12:56 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

সোমবার সকালে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আদালতের বিচারক আশিক ইমাম এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জজ কোর্টেই এ মামলার অভিযোগ গঠন হবে।”

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ এ মামলায় গ্রেপ্তার ২২ আসামিকে এদিন হাজিরার জন্য আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে ফেরত পাঠান।

২০১৪ সালের এপ্রিলে ওই খুনের ঘটনায় নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে হত্যার ঘটনায় করা অন্য মামলার অভিযোগপত্রে এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় আপত্তি রয়েছে নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির।

তিনি এ বিষয়ে যে রিভিশন আবেদন করেছেন, সোমবারই জেলা আদালতে তার আদেশ হওয়ার কথা রয়েছে।

গত বছর ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আলাদা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামনুর রশিদ মণ্ডল।

এদের মধ্যে র‌্যাবের অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ মোট ২২ জন কারাগারে রয়েছেন।

আর মামলার বাকি ১৩ আসামি পলাতক রয়েছে, যাদের মধ্যে নূর হোসেন ভারতে আটক রয়েছেন। তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।