রাষ্ট্রপতির সঙ্গে এশিয়াটিক সোসাইটির প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানাতে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার এশিয়াটিক সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আমিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “রাষ্ট্রপতি এশিয়াটিক সোসাইটিকে ‘সেন্ট্রাল অব এক্সিলেন্স’ হিসেবে কাজ করার আহ্বান জানান।”
প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে সোসাইটির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করে প্রতিষ্ঠানের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে বলে জানান প্রেস সচিব।
সোসাইটি বর্তমানে মুক্তিযুদ্ধের জ্ঞানকোষের ওপর কাজ করছে বলেও রাষ্ট্রপতিকে জানান তারা।
এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ফেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।
আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন সম্পর্কে পিএসও এসময় রাষ্ট্রপতিকে আহ্বান জানান।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদকে সেসময় সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানান তিনি।
