বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারার আক্ষেপ সফিউল্লাহর
সেনাপ্রধানের দায়িত্বে থেকেও পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঠেকাতে না পারার জন্য আক্ষেপ প্রকাশ করেছেন কে এম সফিউল্লাহ।
“আমার উপরে তখন অনেক দায়-দায়িত্ব ছিল, কারণ আমি ছিলাম তখন সেনাপ্রধান। কিন্তু সেনাপ্রধান হিসেবে আমি তো তাদের রক্ষা করতে পারিনি।”
রোববার জাতীয় জাদুঘরে সেক্টর কমান্ডার্স ফোরামের ‘ইতিহাস বিকৃতি প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন সফিউল্লাহ।
পঁচাত্তরের ১৫ অগাস্ট এক দল সেনা কর্মকর্তা যখন জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে, তখনকার সেনাপ্রধান সফিউল্লাহর অদক্ষতার বিষয়টি এই হত্যামামলায় আদালতের রায়েও এসেছে।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সফিউল্লাহ ১৯৯৬ সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি সেক্টর কমান্ডার্স ফোরোমের নেতৃত্ব রয়েছেন।
ওই সময় কোনো পদক্ষেপ না নিতে পারার কারণ ব্যাখ্যা করে সফিউল্লাহ বলেন, “আমি ১৫ থেকে ১৭ অগাস্ট বঙ্গভবনে বন্দি ছিলাম। আমাকে বের হতে দেয় নাই। তারপর ২৪ অগাস্ট আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হল। জিয়া হলেন সেনাপ্রধান।
“জিয়ার নেতৃত্বেই পরবর্তীতে জেলহত্যাসহ অন্যান্য হত্যাকাণ্ড ঘটে।”
কে এম সফিউল্লাহ (ফাইল ছবি)
জেলহত্যার বিচারসহ পঁচাত্তরের ৭ নভেম্বর অভ্যুত্থানে নিহত মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যার বিচারও দাবি করেন মুক্তিযুদ্ধকালীন ‘কে ফোর্স’র এই অধিনায়ক।
“যারা এ সব ঘটনায় প্রাণ দিয়েছেন, তাদের সম্মান জানাতে এ ঘটনাগুলোর বিচার হোক। সরকারকে এ দাবি জানাই, বিচারগুলো যেন হয়।”
সফিউল্লাহ বলেন, ওই সময় মোট ২১ জন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যেন কখনোই রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, এ জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
১৯৭২ এ শুরু হওয়া যুদ্ধাপরাধীদের মধ্যে যারা সাজা পেয়েছিলেন, তাদের সাজা পুনর্বহালের দাবিও তুলেছেন সফিউল্লাহ।
“৭৫ এর পট পরিবর্তনের পর ২২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন সমাজে বিচরণ করছে।”
অনুষ্ঠানে সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য সচিব হারুন হাবীব, সাবেক সদস্য সচিব হারুণ অর রশীদও বক্তব্য রাখেন।
