ব্লগার হত্যার বিচার দ্রুত হলে এত মৃত্যু হত না: ইমরান
শিশু রাজন ও রাকিব হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ব্লগার হত্যার বিচারও এ রকম দ্রুত করা গেলে ‘মৃত্যুর মিছিল এত দীর্ঘ’ হতো না।
রোববার এক বিবৃতিতে দুই শিশু হত্যার বিচারের কথা উল্লেখ করে তিনি বলেন, “এতো কম সময়ে মামলা নিষ্পত্তির নজির এই দেশে বিরল। এর জন্য যারা বিচারের দাবিতে সোচ্চার ছিলেন এবং যারা পুরো প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অভিনন্দন জানাই।”
তবে গত ফেব্রুয়ারিতে লেখক অভিজিৎ রায় খুন হওয়ার পর সাতমাসে আরও চারজন মুক্তমনা লেখক-প্রকাশ হত্যার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “এদের মতো রাজীব, অভিজিৎ, অনন্ত, ওয়াশিকুর, নিলয়, দীপনের খুনিদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা গেলে মৃত্যুর মিছিল এত দীর্ঘ হত না।”
লেখক-ব্লগার-প্রকাশক-পুলিশ হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে জাগরণ মঞ্চ সোমবার বিকালে শাহবাগ থেকে শহীদ মিনার অভিমুখে আলোর মিছিল করবে বিবৃতিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকাল ৪টায় শাহবাগ থেকে এ কর্মসূচি পালন করা হবে।”
বর্তমানে দেশে কারও ‘জীবনের নিরাপত্তা নেই’ মন্তব্য করে ইমরান বলেন, “সারাদেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এখানে মায়ের পেটের শিশু থেকে শুরু করে লেখক, প্রকাশক এমনকি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও জীবনের নিরাপত্তা নেই।”
তিনি বলেন, জনগণের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরাও সন্ত্রাসী হামলায় জীবন দিচ্ছেন।
“বিষয়টি পরিষ্কার, ব্লগার-লেখক-প্রকাশক অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠী নন, গোটা রাষ্ট্রই এক ধরনের নিরাপত্তাহীনতায় পড়েছে।”
যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে শাহবাগে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন থেকে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ।
ওই আন্দোলন শুরুর কয়েকদিনের মাথায় মঞ্চের সংগঠক ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়।
এরপর একই কায়দায় হত্যা করা হয় আরও কয়েকজন ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টকে, যারা সবাই গণজাগরণ আন্দোলনের সমর্থক ছিলেন। এসব হত্যাকাণ্ডের কোনোটির বিচার এখনও হয়নি।
গত ৮ জুলাই ও ৩ অগাস্ট সিলেট ও খুলনায় শিশু সামিউল আলম রাজন এবং রাকিব হাওলাদারকে নির্মমভাবে হত্যা করা হয়।
রোববার আলোচিত এ দুটি হত্যা মামলার রায় হয়েছে, যাতে ছয় জনের সর্বোচ্চ শাস্তির আদেশ এসেছে।
