নড়াইল আদালত চত্বরে রডসহ আটক ৪
জেলা আদালত চত্বর থেকে লাঠি ও লোহার রডসহ চার যুবককে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, রোববার জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা দুটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন নড়াইলের লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকার আলামিন মোল্যা (২৮), অনু মোল্যা (১৮), জামাল মোল্যা (৬০) ও মাইক্রোবাসের চালক মাসুদ রানা (৩০)।
ওসি বলেন, বেলা ১১টার দিকে দুটি মাইক্রোবাসে ১৭/১৮ জন আদালত চত্বরে প্রবেশ করে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়ি দুটিতে তল্লাশি চালানো হয়। এসময় ওই গাড়ি থেকে লাঠি, লোহার রড ও বেশ কিছু ইট উদ্ধার করা হয়।
আটকরা সবাই একটি সংঘর্ষের মামলার আসামি বলে জানান পুলিশ কর্মকর্তা মতিয়ার।
