২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলগালা হচ্ছে ঘরোয়া, পুলিশের চোখ সিসিটিভিতে

কর্মচারী খুনের যে অভিযোগ উঠেছে মতিঝিলের ঘরোয়া হোটেলের মালিকের বিরুদ্ধে, অভিযোগের পক্ষে প্রমাণ ওই হোটেলের সিসি ক্যামেরায় পাওয়ার আশা করছে পুলিশ।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 08:41 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

রাজধানীর অফিস পাড়ায় খিচুড়ির জন্য সুপরিচিত রেস্তোরাঁটি সিলগালা করে সেখান থেকে ওই আলামত জব্দের অপেক্ষায় রয়েছে তারা, যার অনুমতিও মিলেছে।

রেস্তোরাঁর কর্মীদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তে হোটেল মালিক আরিফুল ইসলাম সোহেলই যে ওই কর্মচারীকে গুলি করে হত্যা করেছে, তা অনেকটাই নিশ্চিত পুলিশ; যদিও ১০ দিনেও তাকে গ্রেপ্তার করা যায়নি।

গত ২৮ অক্টোবর ‘মোবাইল ফোন সেট চুরির বিচারে ‘ কথা বলে ঢাকার ওয়ারীতে ওই হোটেলের মালিক সোহেল নিজের ওয়ারীর একটি নির্মাণাধীন বাসায় নিয়ে কর্মচারী রিয়াদ হোসেনকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

পরে ওই হত্যাকে ছিনতাইয়ের ঘটনা বলে প্রচার করার চেষ্টা চালানো হয়। 

এ ঘটনায় নিহতের ভাই রিপন হোসেন মালিক সোহেল (৩৩), দোকানের কর্মচারী জসীম উদ্দিন ও মেসিয়ার খবিরকে আসামি করে মামলা করেন।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা মো. আলিম হোসেন সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোটেলের ভেতরে সিসিটিভি ক্যামেরা আছে। সোহেল তার কর্মচারী রিয়াদকে নিয়ে কখন ওই হোটেল থেকে কী অবস্থায় বের হল তা ফুটেজে আছে বলে অনেকটাই নিশ্চিত পুলিশ।”

ঘটনাস্থল অন্য একটি থানার এখতিয়ারে থাকায় পুলিশ হোটেলে গিয়ে তা সিলগালা করছে না বলে জানান আলিম সিকদার।

তিনি বলেন, “তাই ১ নভেম্বর আদালতে হোটেলটি সিলগালা করার অনুমতি চেয়েছিলাম। পরবর্তীতে ৩ নভেম্বর আদালত হোটেলটি সিলগালা করার আদেশ দেয়।

ওই আদেশ এখন ঢাকা জেলা প্রশাসকের দপ্তরে আছে। তিনি একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আদালতের আদেশ বাস্তবায়নের নির্দেশনা দিলে হোটেলটি সিলগালা করা সম্ভব হবে।”

রিয়াদ হত্যা মামলায় ১৫ জন হোটেল কর্মচারী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।

“আসামি জসীমও পুলিশের কাছে গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এছাড়া হোটেল ও যেখানে রিয়াদকে হত্যা করা হয়েছে ওই নির্মাণাধীন বাড়ির আশেপাশে লোকজনের মধ্যে পাঁচ জনের ১৬১ ধারায় জবানবন্দি নিয়েছে।”

তিনি বলেন, “তারা প্রত্যেকেই জানিয়েছে রিয়াদকে মোবাইল চুরির অভিযোগে বিচার করার কথা বলে ঘরোয়া রেস্টুরেন্টের দোকান মালিক সোহেল তার নির্মাণাধীন বাড়িতে নিয়ে যান। এরপর তাকে সেখানে মারধর শেষে গুলি করে হত্যা করা হয়।”

নির্মাণাধীন ভবন থেকে সংগ্রহ করা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখেও ওইদিন সেখানে সোহেলের উপস্থিতিও প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণাধীন ভবনের সিসি ক্যামেরায় রিয়াদকে ওই বাড়িতে সুস্থ অবস্থায় ঢুকতে দেখার পাশাপাশি সোহেলকে লাঠি হাতে ঢুকতে দেখা যায়। প্রায় আধা ঘণ্টা পর সোহেল ওই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রিয়াদকে কয়েকজন ধরে বের করে নিয়ে যায়।”

পুলিশ কর্মকর্তা আলিম জানান, “রিয়াদকে সোহেলই হত্যা করেছে তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়েছে। সোহেলের শান্তিনগরের বাসায় অভিযান চালিয়ে সেখানেও তার বাসা তালাবদ্ধ পাওয়া গিয়েছে। তাকে খোঁজা অব্যাহত আছে।”

তিনি দেশেই আছেন বলে পুলিশের ধারণা।

মামলার এই তদন্ত কর্মকর্তা বলেন, “মামলার যাবতীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ শেষ। এখন কেবল সোহেলকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করতে পারলেই তদন্ত শেষ হবে।”