জেএসসির উত্তরপত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
বরগুনার পাথরঘাটায় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) উত্তরপত্রসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফরিদ উদ্দিন উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, রোববার দুপুরে বাঁশতলা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাচনাপাড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিলের বরাত দিয়ে ওসি বলেন, পরীক্ষার শেষের দিকে শিক্ষার্থীদের কাছে ফটোকপি করা উত্তরপত্র পাওয়া যায়।
“উত্তরপত্রগুলো যুবলীগ নেতা ফরিদের ফটোকপির দোকান থেকে তাদের সরবরাহ করা হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। এ সময় কেন্দ্রে দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল বিষয়টি পুলিশকে জানালে উত্তরপত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।”
সন্ধ্যায় সহকারী কমিশনার মো. ইকবাল পাথরঘাটা থানায় একটি মামলা করেন বলে জানান ওসি শাহনেওয়াজ।
