২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ

পারিবারিক কলহের জেরে গাজীপুরে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 06:25 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

কালিয়াকৈর থানার ওসি মো. মোতালেব মিয়া জানান, শনিবার রাতে কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকায় এ ঘটনায় দগ্ধ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তপতী দাস (২২) কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংঝুড়ি এলাকার রাজেন্দ্র দাসের মেয়ে।

ঘটনার পর থেকে তার স্বামী সঞ্জয় (২৫) পলাতক রয়েছেন বলে জানান ওসি।

ওসি বলেন, শনিবার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী তপতীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় সঞ্জয়। এ সময় তপতীর চিৎকার শুনে স্থানীয়রা এসে তার গায়ের আগুন নেভায়।

পরে তারা কালিয়াকৈর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দেন বলে জানান তিনি।

তপতীর স্বামী সঞ্জয় কালিয়াকৈরের পল্লী বিদ্যুত এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।