২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি শিশুর স্বপ্নও যেন বাধাগ্রস্ত না হয়: পলক

প্রযুক্তির অভাবে কোনো শিশুর স্বপ্ন যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে কাজ করতে শিশু সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 04:06 PM

Updated : 12 Oct 2022, 04:24 PM

রোববার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক কর্মশালায় তিনি বলেন, “প্রতিটি এলাকায় দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের খুঁজে বের করতে হবে। একটি ল্যাপটপ বা ডিভাইসের অভাবে যাতে একটি শিশুর স্বপ্ন বাধাগ্রস্ত না হয়।”

‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিশু সাংবাদিকদের তথ্যপ্রযুক্তি প্রণোদনা’ শীর্ষক অনুষ্ঠানে ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের’ ৭৯ জন শিশু সাংবাদিকের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।

সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগ, এক্সিম ব্যাংক ও ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের’ সহযোগিতায় বিসিসি এই কর্মশালার আয়োজন করে।

শিশু সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী পলক বলেন, “তোমরা গত দুই বছর ধরে সাফল্যের স্বাক্ষর রেখেছ।তোমরা দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের খবর সংগ্রহ করে আইসিটি ডিভিশন, এক্সিম ব্যাংকের কাছে পাঠাবে।

“তোমরা নিজেরা এই ল্যাপটপ ব্যবহার করবে এবং তোমাদের এলাকার ১০-২০ জন শিশু যাতে ল্যাপটপ ব্যবহার করতে পারে সেজন্য দরিদ্র মেধাবী শিশুদের আইসিটি ডিভিশনের সঙ্গে সম্পৃক্ত করে দেবে। একটি ল্যাপটপ কিংবা একটি ডিভাইসের অভাবে যাতে কোনো দরিদ্র-মেধাবী শিশুর স্বপ্নপূরণ বাধাগ্রস্ত না হয় সেজন্য কাজ করবে।”

জুনাইদ আহমেদ পলক বলেন, “‘হ্যালো’র শিশু সাংবাদিকদের নিয়ে কক্সবাজার ও হোটেল র‌্যাডিসনে অনুষ্ঠান করার পর ফেসবুকে অনেক শিশু সাংবাদিক প্রতিক্রিয়া জানিয়েছিল- আসলে ল্যাপটপ দেওয়া হবে, নাকি শুধু প্রতিশ্রুতি হয়েই থাকবে।”

 

“কিন্তু আমরা বাস্তবায়ন করছি। গত ছয় বছরে যতগুলো প্রতিশ্রুতি আমরা দিয়েছি, তার সবগুলো একে একে বাস্তবায়ন করছি। ভুল-ত্রুটি হলে সংশোধনের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং শিক্ষানীতি করাসহ সকল প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেছে।”

স্কুল শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তি সেবা ছড়িয়ে দিতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “২০০৮ সালের আগে খুব কম সংখ্যক প্রতিষ্ঠানেই কম্পিউটার ছিল। আমরা সাড়ে তিনশ’ স্কুলে কম্পিউটার ল্যাব করেছি। ২৫ হাজার স্কুলে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাস রুম করা হয়েছে।”

হাইস্কুল পর‌্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজনের কথা জানিয়ে তিনি বলেন, “এক গবেষণায় দেখা গেছে, আগামী ৫ বছরে ইউরোপ ও আমেরিকায় প্রায় ১২ লাখ প্রোগ্রামার দরকার হবে। এর বিপরীতে তাদের কর্মক্ষম যুব সমাজ অত বেশি নেই। তখন বাংলাদেশের প্রযুক্তিজ্ঞান সম্পন্ন এই তরুণ সমাজই সারাবিশ্বের প্রযুক্তি দুনিয়ায় নেতৃত্ব দেবে।

“আর বর্তমান সরকারের ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের মাধ্যমে আগামীর উন্নত বাংলাদেশ গড়ার নেতৃত্বও থাকবে তোমাদের হাতে।”

সরকারের ‘ওয়ান ল্যাপটপ, ওয়ান ড্রিম’ কর্মসূচির কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার বলেন, “দুই হাজার দরিদ্র মেধাবী শিশুর হাতে ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও এর কার‌্যক্রম আরও বাড়ানো হয়েছে।

 

“এখন গুচ্ছ পদ্ধতিতে ল্যাপটপ বিতরণের কাজ আমরা করছি, যাতে প্রযুক্তির অবারিত সুযোগের এই জায়গা থেকে কেউই বাদ না পড়ে।”

এক্সিম ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিএমডি) খন্দকার রুমী এহসানুল হক বলেন, শিশুদের সুন্দর দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হতেই তারা ‘ওয়ান ল্যাপটপ, ওয়ান ড্রিম’ প্রকল্পে সম্পৃক্ত হয়েছেন।

গুচ্ছ পদ্ধতিতে ল্যাপটপ বিতরণের বিষয় তিনি বলেন, “একটি বিশেষ পেশায় নিয়োজিত স্বর্ণকিশোরীদের হাতেও আমরা ৭০টি ল্যাপটপ তুলে দিয়েছি, যাতে সমাজের কোনো অংশই বাদ না পড়ে।”

‘হ্যালো’র নির্বাহী সম্পাদক মুজতবা হাকিম প্লেটোর সঞ্চালনায় কর্মশালা পর্বে বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ খোকন, জ্যেষ্ঠ সহ সম্পাদক দেবাশীষ দেব,ঝিনাইদহ জেলা প্রতিনিধি বিমল কুমার সাহা ও খুলনা জেলা প্রতিনিধি সুবীর কুমার রায়।