২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাহাই নেতাকে গুলি: হাসপাতাল কর্মচারী আটক

রংপুর শহরে বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 02:40 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

আটক আশিকুর রহমান নয়ন (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক বলে কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বেলা সোয়া ২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

রংপুর বাহাই কেন্দ্রের পরিচালক গুলিবিদ্ধ রুহুল আমিন (৪৪) ওই হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএস)।  

রোববার সকালে নগরীর আরকে রোডে রিকশায় ওঠার সময় তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে তার দিকে দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি আব্দুল কাদের বলেন, “হাসপাতালের কর্মচারীদের সিন্ডিকেট নিয়ে কোনো জটিলতায় রুহুল আমিনের উপর এ হামলা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান সৈয়দ আব্দুল তালেব বলেন, “রুহুল আমিনের বাঁ পা ও কাঁধে গুলি লেগেছে।

“তার শরীর থেকে গুলি বের করা যায়নি। তাকে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।”

পুরনো খবর:

রংপুরে বাহাই সম্প্রদায়ের নেতাকে গুলি