সীতাকুণ্ডে বাসচাপায় স্কুলছাত্রী নিহত
জেলার সীতাকুণ্ড উপজেলায় স্কুলে যাওয়ার পথে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে তেরিয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড থানার এসআই মো. বশির উদ্দিন জানান।
নিহত সুমাইয়া আক্তার (৮) সীতাকুণ্ডের দক্ষিণ ফেদাই ইউনিয়নের মো. হাছানের মেয়ে। সে তেরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুলে যাওয়ার জন্য শিশুটি রাস্তা পার হচ্ছিল। এসময় নোয়াখালী থেকে চট্টগ্রামগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
তিনি জানান, বাসটি পুলিশ হেফাজতে আছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
