বিআরটিএতে বিশেষজ্ঞ অন্তর্ভুক্তির সুপারিশ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)পরিচালনা পর্ষদ ও উপদেষ্টা পরিষদে সড়ক পরিবহন বিষয়ে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির সুপারিশ করেছে ‘সড়ক নিরাপত্তা বিষয়ক মাল্টি স্টেক হোল্ডার গ্রুপ’।
শনিবার জতীয় সংসদ সদস্য ক্লাবের সভাকক্ষে এক অনুষ্ঠানে এই সুপারিশ তুলে ধরেন গ্রুপের আহ্বায়ক পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সামনে তাদের সুপারিশমালা উপস্থাপন করতে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সম্প্রতি মোটর ভেহিকেল অর্ডিনেন্স, ১৯৮৩ আধুনিকায়ন করে বিআরটিএ আইন, ২০১৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। আইনটি পর্যালোচনার জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সেই আইনের কিছু ধারায় সংযোজন এবং কিছু ধারা সংশোধনের জন্য চার দফা সুপারিশ করেছে মাল্টি স্টেক হোল্ডার গ্রুপ।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, “বিআরটিএ’র পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্য পদে মাল্টি স্টেক-হোল্ডার উপস্থিতি নিশ্চিত করা দরকার। কিন্তু আইনে মন্ত্রণালয়ের সচিব ও আমলাদের বিষয়ে গুরুত্ব দেওয়ার বিষয়টি লক্ষ্যণীয়।
“এর মাধ্যমে বিআরটিএকে আমলতান্ত্রিক জটিলতা থেকে বের করে আনার কাজটি কঠিন করে দিবে।”
তিনি বলেন, “সড়ক পরিবহন কর্তৃপক্ষ একটি বিশেষায়িত সংস্থা হলেও আইনে এই কর্তৃপক্ষের চেয়ারম্যান পদায়নে যোগ্যতার মাপকাঠি সুস্পষ্টভাবে সংযোজিত নয়। কর্তৃপক্ষ ও পরিচালনা পরিষদের দায়িত্বের পরিধিতে অসামঞ্জস্য লক্ষণীয়। সময়োপযোগী ও আধুনিক আইনে এসব দুর্বলতা দূর করা জরুরি।”
তাদের অন্য সুপারিশগুলোর মধ্যে দুর্ঘটনা প্রতিরোধ কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে বিআরটিএ-এর খসড়া আইনে সংযোজিত সংশ্লিষ্ট ধারাকে আরো পূর্ণাঙ্গ করা; সড়ক পরিবহন সংক্রান্ত সংজ্ঞার মধ্যে যান্ত্রিক যানবাহনের পাশাপাশি অযান্ত্রিক যানকেও অন্তর্ভুক্ত করা এবং সড়ক পরিবহন খাতে ক্রমবর্ধমান সেবার চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় আউটসোর্সিংয়ের সুযোগ তৈরির বিষয়গুলো রয়েছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি একাব্বর হোসেন বলেন, আগামী সংসদ অধিবেশনে বিআরটিএ আইন-২০১৫ চূড়ান্তভাবে পাশ হওয়ার আগে বিল আকারে উত্থাপনের পর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটির কাছে এলে এই সুপারিশগুলোকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। সেখানে পিপিআরসি, নিরাপদ সড়ক চাই, ব্র্যাকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরও আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদীয় কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান ফারুক তালুকদার সোহেল, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান গণি, ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের পরিচালক কেএএম মোর্শেদ বক্তব্য দেন।
