২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সালিশে হামলায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সালিশে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 06:01 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

শনিবার উপজেলার মাদলা গ্রামে ওই হামলার পর দুই পক্ষের সংঘর্ষের সময় আতঙ্কে মোজাম্মেল হক (৬০) নামের আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানান শাহজাদপুর থানার ওসি রেজাউল করিম।

নিহত ইউসুফ আলী (৬৫) ওই গ্রামের বাসিন্দা।

এ ঘটনার পর পুলিশ ওই গ্রাম থেকে আট জনকে আটক করেছে।

আহতদের মধ্যে কয়েকজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মাদলা গ্রামের নুহু মোল্লা শুক্রবার রাতে এলাকার কয়েক যুবককে বাইরে আড্ডা না দিয়ে বাড়ি যেতে বলেন। কিন্তু যুবকেরা কথা না শুনে নুহু মোল্লার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বিষয়টি তিনি এলাকার মাতব্বরদের জানালে শনিবার সকালে এ নিয়ে সালিশ বৈঠক বসে।

“বৈঠককের একপর্যায়ে একই গ্রামের শহীদ মোল্লা লোকজন নিয়ে বৈঠকে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে প্রতিপক্ষের ফালার আঘাতে নুহু পক্ষের ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান।”

আর সংঘর্ষের পর ঘরের সিলিংয়ের উপর থেকে মোজ্জামেল হকের লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।

দুই জনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।