‘বন্দি হয়ে আছে’ ভিওআইপি মামলা
ঘটা করে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধারের খবর প্রচার হয়; হয় মামলা। তবে সেসব মামলা নিয়ে ‘উৎসাহী নয়’ খোদ বাদী, নিষ্ক্রিয় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাও।
আর তাই গত একদশকে বিভিন্ন থানায় দায়ের হওয়া এ ধরনের মামলার বেশিরভাগ আটকে আছে অভিযোগ গঠন পর্যায়ে।
মূলত ভিওআইপি উদ্ধারের পর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলটরি কমিশন (বিটিআরসি) এসব মামলা করে থাকে।
‘অবৈধ টেলিফোন সরঞ্জাম উদ্ধারে’র পর ২০০৯ সালের ১৭ মে চার জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছিল।
পরের বছর ২০ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর গত পাঁচ বছরে বাদী আনসার সদস্য আজিজুর রহমানেরই সাক্ষ্য নিতে পেরেছে আদালত।
অভিযানে জব্দ ভিওআইপি সরঞ্জাম (ফাইল ছবি)
এমনকি মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাব-২ এর তৎকালীন উপ-পরিদর্শক খান মো. হাসান মোস্তফাও আদালতে হাজিরা দিচ্ছেন না।
একই অবস্থা পল্লবী থানায় দায়ের করা একটি মামলারও।
২০০৯ সালের ৩ জুন রূপনগর থেকে আটক করা এক দম্পতির বিরুদ্ধে ‘অবৈধ টেলিফোন সামগ্রী’ রাখার অভিযোগে মামলা করেন র্যাব-৪ এর তৎকালীন উপ-পরিদর্শক মোহন লাল দাস।
একই বছরের ১৫ অগাস্ট র্যাব-৪ এর আরেক উপ-পরিদর্শক আনোয়ার হোসেন অভিযোগপত্র দিলেও ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলার বিচারকাজ থমকে আছে।
২০১৩ সালের ২২ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে তাইওয়ানের ৩২ জন এবং চীনের পাঁচ জনসহ ৪৫ জনকে গ্রেপ্তার করে র্যাব। এদের মধ্যে ৭ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন।
ছাড়া না পাওয়া ৪ আসামিকে ‘অব্যাহতি শুনানি’র সুযোগ না দেওয়ায় তাদের আইনজীবী আমিনুল গণী টিটো মহানগর দায়রা জজ আদালতে রিভিশন করেন।
এরপর থেকে মামলার বিচারকাজ স্থগিত হয়ে আছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এই আইনজীবী।
তিনি অভিযোগ করেন, প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের একটি শক্তিশালী সিন্ডিকেটকে রক্ষার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইচ্ছে করেই তদন্ত কাজে গাফিলতি করেন।
“কখনও অনুমোদন নেওয়া হয় না। আবার কখনও নথিপত্র থাকলে সাক্ষীদের দেখা মেলে না।”
এর ফলে প্রকৃত অপরাধীরা আড়াল হয়ে যায় উল্লেখ করে এই আইনজীবী বলেন, “গ্রেপ্তার করা হয় ব্যবহারকারীদের। কিন্তু যারা এসব অবৈধ সরঞ্জামের আমদানিকারক তারা বরাবরই থাকে ধরা-ছোঁয়ার বাইরে।”
‘অবৈধ ভিওআইপি পরিচালনা’র অভিযোগে রাজধানীর আদাবর থানায় ২০১২ সালে করা একটি মামলার তদন্ত করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মাহবুবুর রহমান তরফদার।
ওই বছরের ডিসেম্বরে তিনি অভিযোগপত্র দাখিল করেন।
কিন্তু বিটিআরসির অনুমোদন না নিয়ে অভিযোগপত্র দেওয়ায় মামলার বিচার কার্যত বন্ধ রয়েছে।
‘টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইন-২০০১’ অনুসারে ভিওআইপি মামলার অভিযোগপত্র জমা দেওয়ার আগে তদন্তকারী কর্মকর্তাকে বিটিআরসির অনুমোদন নিতে হয়।
সম্প্রতি অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সঙ্গে জড়িত রাজনৈতিক ব্যক্তি ও আমলাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বিটিআরসিকে বলেছে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
যদিও কোন আদালতে কয়টি মামলা আছে তারই ‘খোঁজ জানে না’ মামলাকারী সংস্থাগুলো।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাৎক্ষণিকভাবে এ তথ্য দেওয়া সম্ভব নয়। তথ্য দিতে দুই তিন দিন সময় লাগবে।”
এরপর এ বিষয়ে বারবার যোগাযোগ করেও তার কাছ থেকে তথ্য পাওয়া যায়নি।
এ সম্পর্কে জানেন না র্যাবের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মইনুল ইসলামও। ফোনে তিনি তথ্য দিতে সময় চাইলেও পরে আর যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
র্যাবের তদন্ত কর্মকর্তারা কেন আদালতে হাজিরা দিচ্ছেন না তারও কোন উত্তর দিতে পারেননি তিনি।
উত্তর নেই ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ এবং ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের কাছেও।
এমনকি বিটিআরসি সচিব সারোয়ার আলমও জানাতে পারেননি মামলাগুলোর হাল-হকিকত।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিটিআরসির আইন পরামর্শক ব্যারিস্টার খন্দকার রেজা ই নূর রাকিব জানান, তিনি আন্তর্জাতিক বিষয় এবং উচ্চ আদালতে টেলিযোগাযোগের মামলাগুলো দেখেন, নিম্ন আদালতের নয়।
নিবন্ধন খাতা দেখে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের পেশকার আরিফুল ইসলাম জানান, তাদের আদালতে এ ধরনের চারটি মামলা রয়েছে।
“অনেকবার নোটিস পাঠানোর পর অতি সম্প্রতি দুটি মামলায় রাষ্ট্রপক্ষে দুই জনের সাক্ষ্য নেওয়া গেছে। তাদের মধ্যে একজন বিটিআরসির বাদী।
“এ সব মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেওয়ার বিষয়ে কারো আগ্রহ দেখি না। যত কাজই থাকুক, সাক্ষীরা এলে আমরা তাদের ফিরিয়ে দিই না।”
মামলাগুলো থমকে থাকায় অবৈধ ভিওআইপি ব্যবসার প্রসার বাড়ছে বলে মনে করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু।
“দায়ের করা মামলার কোন সুরাহা হচ্ছে না বলে রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে।”
