২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে কুমিল্লায়: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লায় একটি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 01:51 AM

Updated : 22 Aug 2022, 01:49 PM

শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রায় ৪২ একর জমির উপর এই স্টেডিয়াম গড়ে তোলা হবে।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে দল গঠনের কথা তুলে ধরে  তিনি বলেন, “এটা সমগ্র কুমিল্লাবাসীর গৌরব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্য দিয়ে অচিরেই কুমিল্লাবাসী কুমিল্লা বিভাগ দেখতে পাবে।”

এই টিমের ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যানের দায়িত্বে আছেন মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল।

খেলায় জয় পরাজয় থাকবে মন্তব্য করে মুস্তফা কামাল বলেন, “সব সময় শুধু জয় হবে এমনটা আশা করা ঠিক নয়। অবশ্য পরাজয় মনে থাকবে না, জয়টাই মনে থাকবে।”

প্রিয় দল হারলে গালাগাল কিংবা দলের প্রতি সমর্থন ছাড়া যাবে না বলেও কুমিল্লাবাসীর উদ্দেশ্যে বলেন মুস্তফা কামাল।

সংবাদ সম্মেলনে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, “সমগ্র বাংলাদেশের মধ্যে কুমিল্লা পথ দেখায়। বিপিএলে বিভাগ ছাড়া কোনো ক্রিকেট টিম নেই, শুধু কুমিল্লা জেলা বিভাগ না হয়েও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে ক্রিকেট টিম গঠন করতে পেরেছে।”

কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা জিততে পারলে খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করার ঘোষণা দেন তিনি ।