২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের ‘ভাড়ায় এনে’ দলের সম্মেলন

সম্মেলন ছিল নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দলের। মঞ্চে যারা উপবিষ্ট তাদের মুখও বেশ পরিচিত। তবে নেতা-কর্মীদের মাঝে জড়ো হওয়া কিশোর আর শিশুদের দেখে মনে হবে এটি কোনো শিশু সমাবেশ!

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 10:14 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

শুক্রবার ন্যাশনাল পিপলস পার্টির মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে এমনই চিত্র দেখা গেছে।

দলের চেয়ারম্যান শওকত হোসেন নীলু ওই সমাবেশে বক্তৃতাও রাখেন। উপস্থিত ছিলেন তাদের জোটের নেতারাও।

দশ বছরের কম বয়সী শিশুও দেখা গেছে সম্মেলনে; সংখ্যায় অর্ধশতাধিক হবে। এমনও অনেকে ছিলেন যারা জানেনই না অনুষ্ঠান কীসের, কারা করেছেন আয়োজন।

জানতে চাইলে ‘অনিক’ নামে এক শিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমরা অনেক লোক একসঙ্গে এসেছি। কার প্রোগ্রাম সেটা জানি না।”

মুগদা এলাকায় বাসা হলেও সব সময় বিভিন্ন সভা-সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাব এলাকায় ঘোরাফেরা করে বলেও তার দাবি।

কত শিশু একসঙ্গে এসেছে জানতে চাইলে হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দেয় দেড়শ জনের মতো শিশু-কিশোর এই অনুষ্ঠানে ভাড়ায় এসেছে।

‘অনিক’ জানায়, তারা কোনো দলের না, তাদের ভাড়া করে আনা হয়েছে। তবে আশপাশে লোক থাকায় কত টাকা দেওয়া হয়েছে তা নিয়ে কথা বাড়াতে নারাজ সে।

হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উন্মুক্ত প্রোগ্রামের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইসুল ইসলামও বললেন, “হলুদ ক্যাপ পরা যারা আছি, আমরা সবাই একসঙ্গে এসেছি। দর্শক হিসেবে আছি, কোনো দলের না আমরা। ঢাকা শহরে যত জায়গায় প্রোগ্রাম হয় আমরা একসঙ্গে যাই।”

প্রেসক্লাবের অগ্রণী ব্যাংকের সামনে থেকে কিছুক্ষণ পর পর ১০-১৫ জন করে ভাড়া শিশু-কিশোরকে সম্মেলনে আসতে দেখা গেল এক ঘণ্টার মধ্যেই।

কথা বলে জানা গেছে, এ সম্মেলনে এনপিপি’র নেতাকর্মীদের অনেকে পরিবারের সদস্য, সন্তানদের নিয়েও যোগ দিয়েছিলেন লোক বাড়ানোর জন্য।

এমনই একজন গৃহিনী শারমিন সুলতানা বলেন, “বিউটি আপা আমাকে নিয়ে এসেছেন তাই এসেছি। কোথায় যেতে হবে তাও জানতাম না। আপা বলছে ছেলে মেয়েদের সাথে নিয়ে আসতে। তাই তাদের নিয়ে এসেছি।”

এ বিষয়ে জানতে চাইলে এনপিপি নেত্রী এলিজাবেথ বিউটি ডি রোজারিও বলেন, “আমি মহানগরের পদ প্রত্যাশী। তাই লোক নিয়ে আসছি। কীভাবে নিয়ে আসছি সেটা আপনার জানার দরকার কী?”