লেখক-বুদ্ধিজীবীদের নিষ্ক্রিয় রাখতেই হত্যা-আইন: আনু মুহাম্মদ
‘হত্যাকাণ্ড ঘটানোর মাধ্যমে’ এবং ‘আইন করে’- এই দুই উপায়েই মুক্তবুদ্ধির চর্চা বাধাগ্রস্ত করার চেষ্টা দেশে চলছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির এই নেতা এ কথা বলেন।
কবি-লেখক-শিল্পীদের এই সমাবেশের ব্যানারে লেখা ছিল- ‘আমরা বিচার চাই না, শুভবুদ্ধির উদয় হোক। এসওএস (সেভ আওয়ার সোলস বা বাঁচাও) বাংলাদেশ।’
সমাবেশ শেষে বই পুড়িয়ে মুক্তচিন্তার হত্যার প্রতিবাদও জানান তারা।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “বাংলাদেশ মহাবিপদে আছে। এটা শুধু সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের বিষয় নয়, যে জালের কারণে এসব হত্যাকাণ্ড হচ্ছে, সেই জাল ছিন্ন করতে না পারলে সামনে আরও ভয়ংকর কিছু অপেক্ষা করছে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক বলেন, “এসব ঘটনা লেখক-শিল্পী বুদ্ধিজীবীদের অচল করার একটি প্রচেষ্টা। খুব সুচিন্তিতভাবে দুটো উপায়ে এটা ঘটানো হচ্ছে। একটা হচ্ছে এসব হত্যাকাণ্ডের মাধ্যমে আতংক সৃষ্টি, যেন লেখক-বুদ্ধিজীবীদের মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকে।
“আরেকটি হচ্ছে আইন করে। সমস্ত জায়গায় সেন্সরশিপ আরোপের মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে, কী বলা যাবে আর কী বলা যাবে না। দেশীয় ও আন্তর্জাতিক প্রভুদের ‘হাততালি দেওয়া লেখকের’ দরকার।”
বাংলাদেশ সরকার আর যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রায় একই রকম বলেও মন্তব্য করেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, “এখানে তরুণ লেখক-কবিদেরই কেবল দেখা যাচ্ছে। যেসব বুদ্ধিজীবী কোনো পদ পাওয়ার আশায় কিংবা অন্যকোনো কারণে প্রতিবাদ জানাচ্ছেন না, তাদেরই আগে শুভবুদ্ধির প্রয়োজন।”
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “জনগণের নিরাপত্তা দেওয়ার কোনো দরকার নেই। শুধু সন্ত্রাসীদের নিরাপত্তা দেওয়া বন্ধ করুন। তাহলে জনগণ নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে সক্ষম হবে।”
সারাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় আছে জানিয়ে এই অধ্যাপক বলেন, “নিরাপত্তা শুধু কবি-লেখকদের একার নয়, সারাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় আছে। লেখক-শিল্পী বুদ্ধিজীবীদের একটা অংশ নিষ্ক্রিয়। তারা লোভে, কেউ ভয়ে, কেউ পদ পাওয়ার আশায় নিজেদের মস্তিষ্ককে ইজারা দিয়েছেন। তাই তাদের শুভ বুদ্ধির উদয় হোক।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক বলেন, জ্যেষ্ঠ লেখক-বুদ্ধিজীবীরা এই প্রতিবাদ সভায় আসেননি। তারা কী মনে করছেন, সামনে তারা রক্ষা পেয়ে যাবেন?
তিনি বলেন, এই প্রতিবাদ যারা এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি। একইসঙ্গে যারা এই ঘটনায় মদদ দিচ্ছেন তাদের প্রতিও। সরকার এসব ঘটনার বিচার না করে ওইসব লোকদেরই মদদ দিচ্ছে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবন্ধকার ফিরোজ আহমেদ, কবি আহমেদ স্বপন মাহফুজ, লেখক ও শিল্পী অরুপ রাহী, চলচ্চিত্রকার মাজহারুল আলম, কবি ও মুক্তমনা লেখক সুজিত চৌধুরী প্রমুখ।
