নড়াইলে ইসলামী আন্দোলনের ৩৫ জন আটক
গোপন বৈঠকের অভিযোগে ইসলামী আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়াম এলাকার দলীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নড়াইল সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান জানান, গোপন সংবাদ পেয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও তার অঙ্গসংগঠনের ৩৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
“দেশের চলমান অবস্থায় নাশকতা সৃষ্টির জন্য তারা গোপন বৈঠক করছিল ধারণা করা হচ্ছে।”
তাদেরকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করার পর জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
আটকদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলনের নড়াইল জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ নূরুল করীম আকরাম, জেলা সভাপতি মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সহসভাপতি মো. আব্বাস আলী, স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক রুবেল শরীফ প্রমুখ।
এদের বাড়ি ঢাকা, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইলসহ বিভিন্ন এলাকায় বলে ওসি জানিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক এম নাছির উদ্দিন বলেন, “দলীয় কার্যালয়ে মাসিক মিটিং চলছিল। তাই বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়নি।”
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, “সকাল ১০টা থেকে দলীয় কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাসিক তালিম তরবিয়াত ও শিক্ষা বৈঠক চলছিল।”
জুম্মার নামাজের পর হঠাৎ পুলিশ গিয়ে তাদের আটক করে বলে জানান তিনি।
