ঝিনাইদহে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহ সদরে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, আহত হন একজন।
শুক্রবার সন্ধ্যায় গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান।
নিহত আবুল কালাম (৩৬) যশোরের কেশবপুর উপজেলার আওয়ালগাতী গ্রামের দাউদ মড়লের ছেলে।
আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন। তার পরিচয় জানা যায়নি।
ওসি জানান, বিকালে যশোর থেকে একটি পিকআপ ভ্যান মাছ নিয়ে ঝিনাইদহের গোপালপুরে যাচ্ছিলেন আবুল। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে দুইজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
