নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রী নিখোঁজ ২৭ দিন
ঢাকার নবাবগঞ্জে নিখোঁজ হওয়ার ২৭ দিনেও এক প্রবাসীর স্ত্রীর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ গৃহবধূ নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী গ্রামের এক কাতার প্রবাসীর স্ত্রী।
গত ১১ অক্টোবর মেয়েটি নিখোঁজ হন। পরদিন তার শ্বশুর মো. আওলাদ ঘটনার পরের দিন নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে নিখোঁজের পাঁচদিন পর মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মক্তিপণ দাবি করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জিডিতে বলা হয়, দুই বছর আগে বিলপল্লী গ্রামে মেয়েটির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি বাবার বাড়ি হযরতপুর উত্তর বালুরচর গ্রামে থাকতেন।
গত ১১ অক্টোবর সকালে শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে তিনি বের হন। দুপুর ১২টায় সর্বশেষ পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়। তখন তিনি বান্দুরা ব্রিজে ছিলেন।
এরপর তার ব্যবহৃত মোবাইলটি আর চালু পাওয়া যায়নি।
জিডিতে আরও বলা হয়, নিখোঁজের পাঁচদিন পর একটি মোবাইল ফোন থেকে একজন লোক রাতের মধ্যে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলে পরিবারের সদস্যদের। রাতের মধ্যে টাকা না পাঠালে বা একথা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।
ওই রাতেই বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানো হয় এবং এরপর থেকে ওই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
জিডির তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই মো. বাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি অপহরণ না কি পরকিয়া তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
“তবে নিখোঁজের পরদিন থেকেই আমরা ঘটনাটি উদঘাটনের মাধ্যমে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
