সিরাজগঞ্জে বিজিবি মোতায়েন
প্রকাশক ও পুলিশ হত্যাসহ কয়েকটি হমালার ঘটনায় দেশে ব্যাপক আলোড়নের মধ্যে সিরাজগঞ্জে বিজিবি মোতায়েন করার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান শুক্রবার বিকালে জানান, ইতোমধ্যে রাজশাহী থেকে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য সিরাজগঞ্জ এসে পৌঁছেছে।
“তারা এখনও টহল শুরু করেনি, তবে শিগগিরই করবে।”
জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় র্যাব, পুলিশ ও বিজিবি যৌথভাবে টহল দেবে বলে জানান তিনি।
বিজিবি মোতায়েনের কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
১৪ বিজিবি ব্যাটালিয়নের মেজর মো. ইকবাল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা শহরের জুটমিল এলাকায় অবস্থান করছেন। রাত ৮টার পর র্যাব ও পুলিশসহ তারা যৌথ টহল শুরু করবেন।
গত ৩১ অক্টোবর লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল এবং তার সঙ্গে থাকা ব্লগার তারেক রহিম ও রণদীপম বসুকে কুপিয়ে জখম করে তিন হামলাকারী।
লালমাটিয়ার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শাহবাগে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
টুটুল, রহিম ও রণদীপম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এরপর গত বুধবার সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়ায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে কনস্টেবল মুকুল হোসেনকে কুপিয়ে হত্যা এবং আরেক কনস্টেবলকে জখম করে দুর্বৃত্তরা।
