২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে ‘অজ্ঞানপার্টির’ ২ সদস্যকে পুলিশে দিল জনতা

এক অটোরিকশা চালককে ‘অচেতন করে’ তার বাহন চুরির চেষ্টার অভিযোগে ঢাকার নবাবগঞ্জে দুই তরুণীকে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 11:55 AM

Updated : 22 Aug 2022, 01:48 PM

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সীমানার ভেতর থেকে ওই দুই তরুণীকে আটক করা হয়।

এরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা থানার গাপড়া গ্রামের নাজমা (২৫) ও শরীয়তপুর জেলার পালং থানার বগাদি গ্রামের হ্যাপী (২২)।

ওসি বলেন, “তারা অজ্ঞানপার্টির সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে রাতেই পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আজ (শুক্রবার) দুজনকে আদালতে নেওয়া হবে।”

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ওই দুই তরুণীসহ চার যাত্রী অটোরিকশায় করে স্বাস্থ্যকেন্দ্রের সীমানায় ঢোকার পর চালককে কেন্দ্রের পিছনে নির্জন জায়গায় যেতে বলে।

“সেখানে তারা চালককে ওষুধ দিয়ে অচেতন করার চেষ্টা করে। এক পর্যায়ে অর্ধচেতন চালক কোনোক্রমে অটোরিকশা থেকে বেরিয়ে হাসপাতালের ফটকে এসে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এবং দুই তরুণীকে ধরে পুলিশে খবর দেয়।”

তবে ওই অটোরিকশায় থাকার অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান ওসি।