পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ ৭ থেকে ১২ নভেম্বর
আগামী ৭ থেকে ১২ নভেম্বর বাংলাদেশের সরকারি-বেসরকারি পর্যায়ের সব সেবা কেন্দ্রে সরকার ‘পরিবার পরিকল্পনা, মা-শিশুর কৈশোর কালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ’ পালন করবে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এবারের সেবা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ’প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করুন, অপরিকল্পিত গর্ভধারণ রোধ করুন’।
এ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে ফোল্ডার, পোস্টার, লিফলেট, মা ও নবজাতক বাঁচানোর ‘সাফ কথা’ বিষয়ক পকেট বই মাঠপর্যায়ে সরবরাহ করা হবে বলে জানান মন্ত্রী।
এছাড়া সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওতে বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি রেডিও-টিভিতে আলোচনা অনুষ্ঠান এবং মাঠপর্যায়ে প্রচারণামূলক চলচ্চিত্র প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সক্ষম দম্পতিদের ক্ষেত্রে দুই সন্তানের মাঝে ন্যূনতম বিরতি (তিন বছর) এবং দুটি জীবিত সন্তানের ক্ষেত্রে দ্বিতীয়টির বয়স এক বছর হলে স্থায়ী পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করাই এবারের সেবা ও প্রচার সপ্তাহের মূল লক্ষ্য।”
পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ বৃদ্ধি পেলে মা ও শিশু মৃত্যুর হার কমাতে এটি সরাসরি প্রভাব রাখতে সক্ষম হবে বলে মনে করেন তিনি।
সেবা স্প্তাহে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি গ্রহণের হার বৃদ্ধির জন্য সক্ষম দম্পতিদের বিভিন্ন তথ্য ও সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে এসবের মধ্যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ উৎসাহিত করা রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক সহায়তায় বছরে দুইবার দেশব্যাপী এই সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
