২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রীতি রক্ষায় তরুণদের উদ্বুদ্ধ করতে আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 09:23 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটির দশম সমাবর্তনে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্য বজায় রাখতে আমাদের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানাই।”

পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য মন্তব্য করে তিনি বলেন, “বাংলার মাটিতে ধর্মান্ধতা, গোঁড়ামি, উগ্রবাদ, জঙ্গিবাদের স্থান নেই।”

এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এই বাংলা হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে সমুজ্জ্বল। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান পালন করে আসছে।

বাংলাদেশের জনগণ সবসময় অসাম্প্রদায়িক এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি বিশ্ববিদ্যালয়গুলোরও দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেন বিশ্ববিদ্যালগুলোর আচার্য আবদুল হামিদ।

তিনি বলেন, “সে দায়বদ্ধতা হলো মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা। গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত করা এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তোলা।”

মুনফার অর্জনের ক্ষেত্র নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানার্জনের ক্ষেত্রে পরিণত করার আহ্বান ও জানান রাষ্ট্রপতি।

“সাম্প্রতিককালে কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান কখনোই মুনাফা অর্জনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে না এবং তা হওয়া কাম্যও নয়।”

দরিদ্র শিক্ষার্থীরা যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সাধারণ মানুষের জন্য তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপতি।

“তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তোমরা উচ্চ শিক্ষালাভের সুযোগ পেয়েছো। আমাদের দেশে এমন সৌভাগ্য সকলের হয় না। দেশের বহু মানুষ এখনো অক্ষরজ্ঞানহীন। এই অক্ষরজ্ঞানহীন মানুষের পাশে তোমাদের দাঁড়াতে হবে।”

এসময় তিনি ডিগ্রি পাওয়া শিক্ষার্থীদের তিনি স্মরণ করিয়ে দেন তাদের শেকড়ের কথা।

“মনে রাখবে আমাদের সকলের শেকড় প্রোথিত গ্রামবাংলার মাঠে-ঘাটে। তাই তোমাদের মাটির সোঁদা গন্ধ ভুলে গেলে চলবে না।”

পূর্বপূরুষদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, “আজ তোমাদের সময় এসেছে দেশের জন্য কাজ করে তাদের সেই ঋণ শোধ করবার।”

সমাবর্তনে ৯৫৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন ডিগ্রির সনদ দেওয়া হয়। শিক্ষা জীবনে অনন্য কৃতিত্বের জন্য দুইজনকে দেওয়া হয় ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সমাবর্তনে বক্তা ছিলেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সা’দ আন্দালিব বক্তব্য রাখেন।