২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রশাসন’র প্রভাব কমাতে কঠোর আন্দোলনের হুমকি

পেশাভিত্তিক জনপ্রশাসন গড়াসহ ছয় দফা দাবিতে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে অষ্টম বেতন কাঠামো পুনর্গঠনের দাবিতে আন্দোলনের মাঠে থাকা প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার রাজধানীর খামার বাড়ির গিয়াসউদ্দিন মিল্কী মিলনায়তনে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সদস্য সচিব মো. ফিরোজ খান এই ঘোষণা দেন।

৬ দফা দাবিতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির আহ্বানে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসাবে ঢাকায় এই সমাবেশ হয়।

বক্তব্যে ফিরোজ খান বলেন, “পাঁচ হাজার আমলা (প্রশাসন ক্যাডারের) কিভাবে ৬০ হাজার কর্মকর্তার উপর ডমিনেট করবে? এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছি। আর পেছনে ফেরার সুযোগ নেই।

“আমাদের এই আন্দোলন দীর্ঘমেয়াদিও হতে পারে। দাবি আদায়ে আমাদেরকে প্রয়োজনে কঠোর কর্মসূচিও দিতে হবে।”

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কারণে অন্যরা ‘অধিকারবঞ্চিত’ হচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, “আমাদের ক্যাডার আছে, গ্রেড হয়েছে, কিন্তু শীর্ষ পদে আমরা যেতে পারি না। এটা হতে পারে না। আমাদের বিষয়গুলোও কি তারা আমাদের চেয়ে ভালো বোঝেন?”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব মো. মোবারক আলী বলেন, “আমি ৩৩ বছর পেশায় আছি। ৬ বছর বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি। এখন একজন সচিব পদে বসে আমাকে বলছেন, তিনি কৃষি আমার চেয়ে ভালো বোঝেন। এটাও আমাকে বিশ্বাস করতে হবে?

“পদত্যাগপত্র সংগ্রহ করে সরকারকে চাপ দেওয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে হতে পারে। ১৯৯৫ সালে আমরা এটা করেছিলাম।”

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সহ-সভাপতি মো. আতাউর মাহমুদ বলেন, “আমি যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তখন এক বন্ধুও চেষ্টা করেছে। আমি পেরেছি, সে পারেনি। পরে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেছে।

“আজ তার হাতে শোষিত হওয়ার বিরুদ্ধে আমাকে কথা বলতে হচ্ছে।”

এই বিদ্যুৎ-প্রকৌশলী বলেন, “বাংলায় পড়ে যদি একজন বিদ্যুৎ সচিব হন, তাহলে তাকে তো কিলোওয়াট, মেগাওয়াট বোঝাতেই সময় পার হয়ে যাবে। বাংলায় পড়ে একজন স্বাস্থ্য সচিব এখানকার সব বিষয় এই ক্যাডারের কর্মকর্তাদের চেয়েও ভালো বুঝবেন?

“সড়কে আমাদের যে প্রকৌশলীরা দিন-রাত পরিশ্রম করে কাজ করে, মন্ত্রীকে ভুল বুঝিয়ে প্রশাসন ক্যাডারের লোকজন তাদেরকেই ভর্ৎসনার জায়গায় নিয়ে গেছেন।”

প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ৬ দফা দাবির মধ্যে রয়েছে, বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ পদে পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ‘অনায্য’ কর্তৃত্ব বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সব ধরনের প্রেষণ বাতিল, সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান।

গত ২৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করে আন্দোলনে নামে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি। ৮ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে এরপর কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।

দাবি আদায়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। অর্থমন্ত্রী অবশ্য এরইমধ্যে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।