২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যায় দুই জনের সাক্ষ্য

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় দুই জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ নিয়ে এ মামলায় পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করল আদালত।     

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 02:10 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

সাক্ষ্যগ্রহণের ষষ্ঠ দিন বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে দুই সাক্ষী হবিগঞ্জের আব্দুর রউফ ও ইরফান আলীর সাক্ষ্যগ্রহণ হয় বলে জানান আদালতের পিপি কিশোর কুমার কর।

পিপি কিশোর কুমার জানান, সাক্ষ্যগ্রহণের সময় মামলায় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৩ জন আদালতে ছিলেন। অসুস্থতার কারণে সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে হাজির করা হয়নি।

আদালত আগামী ১১ ও ১২ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রেখেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচ জনের সাক্ষগ্রহণ হয়েছে। আলোচিত এ মামলায় ১৭১ জনের জবানবন্দি শুনবে আদালত।

গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় তিনিসহ পাঁচজন নিহত হন।

ঘটনার রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

তিন দফা তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।

এতে সিলেটের মেয়র আরিফুল হক, হবিগঞ্জের মেয়র গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়।

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ গত ১১ জুন মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান।