২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 11:10 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

ইন্টার্ন চিকিৎসকরা বুধবার রাত সাড়ে ৮টা থেকে চিকিৎসা সেবা বন্ধ করে ধর্মঘট পালন করছেন বলে ওসমানী মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মো. মাজহারুল হক অমিত জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে হাসপাতালের সিসিইউ ইউনিটে নগরীর দরগা মহল্লার আব্দুর রশিদ নামের এক রোগী মারা গেলে তার স্বজনরা কর্তব্যরত চিকিৎসক শোয়েব আহমদ ও ইন্টার্ন চিকিৎসক সুবায়ের আহমদের উপর হামলা চালায়।

এরপর থেকে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ করে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন।

তবে মেডিকেলের জরুরি বিভাগ ধর্মঘটের আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন মাজহারুল।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান করা হবে।