শিক্ষাসচিবের থাকল শুধু চেয়ার
‘এতদিন’ খানিকটা হলেও ‘ক্ষমতা’ ছিল তার। এখন পরিপত্র, নীতিমালা, আইন জারি এবং জনমতের জন্যও কোনো কিছু ওয়েবসাইটে প্রদর্শনে তাকে অনুমোদন নিতে হবে মন্ত্রীর।
মন্ত্রণালয়ের অধীন প্রথম শ্রেণির কোনো কর্মকর্তাকে পদায়নে তার যে ক্ষমতা ছিল তাও ছেঁটে ফেলা হয়েছে।
মন্ত্রীর অগোচরে শিক্ষা আইনের খসড়া প্রকাশের পর শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয়ের দপ্তর প্রধানদের নিয়ে এমনই একটি নির্দেশনা জারি করেছেন নুরুল ইসলাম নাহিদ।
এর ফলে সচিব পর্যায়ে যেসব ফাইল অনুমোদন হত এখন বাধ্যতামূলকভাবে তা মন্ত্রীর কাছে পাঠাতে হবে। সায় মিললেই তা পাবে অনুমোদন।
গত ২৬ অক্টোবর গোপনীয়ভাবে নিজের একান্ত সচিব নাজমুল হক খানের স্বাক্ষরে এই লিখিত নির্দেশনা জারি করেন শিক্ষামন্ত্রী; যা মন্ত্রণালয়ের সব দপ্তর প্রধানদের পাশাপাশি সচিবকে অবহিত করতে তার একান্ত সচিবকে অনুলিপি দেওয়া হয়।
মন্ত্রীর লিখিত নির্দেশনার অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে রয়েছে।
এর আগে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে জটিলতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে নজরুল ইসলামের কর্তৃত্ব খর্ব করে গত জুলাই মাসে মন্ত্রণালয়ে একটি নির্দেশনা জারি করেন শিক্ষামন্ত্রী।
ওই নির্দেশনায় মন্ত্রীর অগোচরে এককভাবে কোনো সিদ্ধান্ত না নিতে সচিবসহ মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল।
এর চার মাস পর পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং এ নিয়ে বিভিন্ন মহলের কঠোর সমালোচনার মধ্যেই প্রশ্ন ফাঁসের শাস্তি বাড়ানোর কোনো উদ্যোগ না নিয়ে গত ২০ অক্টোবর শিক্ষা আইনের খসড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর পর প্রশ্ন ফাঁসের আইনে ‘ছাড়’- শিরোনামে খবর প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। অন্য গণমাধ্যমেও এনিয়ে সংবাদ হলে সমালোচনার ঝড় ওঠে।
সমালোচনার মুখে খসড়া আইন প্রকাশের সাত দিনের মাথায় তা প্রত্যাহার করে নেয় শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রীকে অবহিত না করেই সচিবের নির্দেশে এই খসড়া আইন প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেন বলে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “এরপর মন্ত্রী এই শিক্ষা আইন সংক্রান্ত সব ফাইলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করেন। ওইসব ফাইলে খসড়া আইন ওয়েবসাইটে প্রকাশে শিক্ষাসচিবের নির্দেশনা আছে।”
এরপরই মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক ওই লিখিত নির্দেশনা জারি করেন শিক্ষামন্ত্রী, যার ফলে এর আগে কার্যত কর্তৃত্ব হারানো সচিবের হাতে আর কোনো ক্ষমতা রইল না।
“সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে সবিনয় অনুরোধ করা হলো।”
মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্বিতীয় দফা নির্দেশনা জারি করলেও শিক্ষামন্ত্রী বিদেশে অবস্থানের সময় শিক্ষা সচিব দুই জন সহকারী অধ্যাপককে বদলি করেছেন।
গত ৩ নভেম্বর জ্যেষ্ঠ সহকারী সচিব ফাতেমা তুল জান্নাতের স্বাক্ষরে সহকারী অধ্যাপক মো. আবদুল্লা আল মাসুদ এবং জ্যেষ্ঠ সহকারী সচিব কাউসার নাসরীনের সাক্ষরে সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুজ জাহেরকে বদলি করা হয়েছে।
মন্ত্রীর এই নির্দেশনা জারির আগ পর্যন্ত প্রভাষক এবং সহকারী অধ্যাপকদের বদলিতে মন্ত্রীর অনুমোদন লাগত না, সচিব পর্যায়েই ওইসব ফাইল নিষ্পত্তি হত।
১৯৮২ সালের বিশেষ বিসিএসের কর্মকর্তা নজরুল ইসলাম আগামী ৩০ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে অংশ নিয়ে বর্তমানে প্যারিসে অবস্থান করায় শিক্ষামন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।
আর শিক্ষা সচিবের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি তিনি। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
