অনশন ভেঙে অবস্থানে নন-এমপিও শিক্ষকরা
ছয়দিনের আমরণ অনশন ভেঙে লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেছেন নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বুধবার সকাল ১০টায় তাদের অনশন ভাঙান কলামনিস্ট-গবেষক সৈয়দ আবুল মকসুদসহ বাম সংগঠনের নেতারা।
এর আগে শুক্রবার থেকে নন-এমপি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছিলেন শিক্ষকরা।
ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, “সুশীল সমাজ ও বিশিষ্টজনরা আমাদের বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে গিয়েছেন। তিনি ফিরে আসার পর আমাদের দাবির বিষয়ে তার কাছে উপস্থাপন করা হবে। তার সঙ্গে আলোচনার মাধ্যমে দাবি আদায়ে আমরা আশাবাদী।
“আমরা চাই না, প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকা অবস্থায় আমরণ অনশনে কোনো কলঙ্কজনক ও অপ্রীতিকর ঘটনা ঘটুক। এ কারণে অনশন ভেঙে এখন লাগাতার অবস্থানের দিকে গিয়েছি আমরা।”
প্রধানমন্ত্রী আসার পরও দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির দিকে যাওয়ার পরিকল্পনা তাদের রয়েছে বলে জানান এই শিক্ষক নেতা।
অনশন ভাঙার সময় অন্যদের মধ্যে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, প্রায় দুইশ শিক্ষক রাস্তায়-ফুটপাতে শুয়ে বসে অবস্থান ধর্মঘট পালন করছেন। আর মাইক থেকে দাবির স্বপক্ষে লাগাতার বক্তব্য চলছে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, ছয় দিনের অনশনে অসুস্থ হয়ে ১২৪জন শিক্ষক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
