২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী বিমানবন্দরেও ডগ স্কোয়াড

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তায়ও ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 01:59 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয় বলে জানান বিজিবি-৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এস এম লুৎফুল করিম।

তিনি বলেন, “বিমানবন্দরের চলমান নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করতে দুটি প্রশিক্ষিত কুকুর আনা হয়েছে। এগুলো অস্ত্র, মাদক ও বিষ্ফোরক শনাক্ত করতে সক্ষম।”

স্কোয়াডে বিজিবি’র ৫-৬ জন প্রশিক্ষিত সদস্যও রয়েছেন জানিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, যাত্রী ও তাদের লাগেজসহ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় এই স্কোয়াড কাজ করবে।

এর আগে মঙ্গলবার দুপুর থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তায় ডগ স্কোয়াড মোতায়েন হয়।

সম্প্রতি দুই বিদেশি হত্যা ও ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলায় একজনের মৃত্যুর পর ঢাকা, চট্টগ্রামসহ বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।