শিশুকে গলা কেটে হত্যা, মামা গ্রেপ্তার
গাজীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ভাগ্নিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
পুলিশ শিশুটির মামা রিপন মিয়া (২৮) ও তার সহযোগী রবিউল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
রিপন মিয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়ার হাসমত আলীর এবং রবিউল ইসলাম বগুড়া সদরের ভাটকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে এসপি জানান, রিপনের ভাগ্নি নাজনীন (৭) শ্রীপুরের চকপাড়ায় নানা-নানির সঙ্গে থেকে স্থানীয় চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে নাজনীনের নানা হাসমত আলী টাঙ্গাইলে তার স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নাজনীন নানি মিনুজা বেগমের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল।
“রাত আড়াইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পুলিশের লোক পরিচয় দিয়ে ঘরে ঢুকে নাজনীনকে জোর করে ওঠোনে নিয়ে গলা কেটে হত্যা করে।”
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. আমিনুর রহমান জানান, পরদিন শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
“এ ব্যাপারে নিহত শিশুর মা আসমা আক্তার বাদী হয়ে স্থানীয় আব্দুল করিম গংদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন।”
এসআই আমিনুর রহমান আরও জানান, এ হত্যায় নিহত শিশুর মামা রিপনের সংশ্লিষ্টতা পেয়ে পুলিশ সোমবার ঢাকার রামপুরা ওয়াপদার মোড় এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করে।
“পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওইদিন একই এলাকা থেকে রবিউলকে গ্রেপ্তার করে।”
রিপনের বরাত দিয়ে প্রেস ব্রিফিংয়ে এসপি আরও বলেন, নাজনীনের মামা রিপনের সঙ্গে স্থানীয় করিম গংদের জমিজমা নিয়ে বিরোধ ও শত্রুতা চলে আসছিল।
“সেই শত্রুতার জেরে রিপন করিমদের ফাঁসানোর জন্য সহযোগীদের নিয়ে তার ভাগ্নিকে হত্যা করেছে।”
নিহত নাজনীন কিশোরগঞ্জের ভৈবরের মাইচচর এলাকার আক্কাস আলীর মেয়ে। প্রায় সাড়ে তিন বছর আগে আক্কাস আলী দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী ও নাজনীনকে নানা-নানির কাছে রেখে দ্বিতীয় বিয়ে করে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় বসবাস করছেন।
