২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকেও ৪০% আসন এলাকার শিক্ষার্থীদের জন্য

ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ৪০ শতাংশ আসন সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের বিধান রেখে নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 07:50 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

কোন শ্রেণিতে কিভাবে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং কোন ক্ষেত্রে ভর্তি ‘ফি’ কত হবে তাও ঠিক করে দেওয়া হয়েছে এতে।

মঙ্গলবার জারি করা ওই নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোর ‘ক্যাচমেন্ট এলাকার’ শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে, বাকি ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা মহানগরীর সব সরকারি বিদ্যালয়ের আওতাধীন ‘ক্যাচমেন্ট এলাকা’ নির্ধারণ করবে।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে অবশ্যই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ছাড়াও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করতে হবে।

নির্বাচিত শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে ওই তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।

আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শূন্য আসনে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে। নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হবে জেএসসি-জেডিসির ফলের ভিত্তিতে।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে মোট আসনের ১০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

২০১৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির নীতিমালায় ভর্তি কমিটি, পরীক্ষার তারিখ ও সময়, ভর্তি পরীক্ষা পদ্ধতি, ভর্তি ফিসহ বিভিন্ন বিষয়ের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।

পুরনো খবর:

স্কুলে ভর্তিতে ৪০ শতাংশ এলাকা কোটা হচ্ছে