২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে চার নেতাকে স্মরণ

জেল হত্যা দিবসে রাজশাহীতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 05:34 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

পরে সেখান থেকে একটি শোক মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, সোনাদিঘী মনিচত্বর, রাণীবাজার ও রেলগেট হয়ে কাদিরগঞ্জস্থ কামারুজ্জামানের কবরে গিয়ে শেষ হয়।

সেখানে তারাসহ সর্বস্তরের মানুষ কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু প্রমুখ।

এছাড়া দিনটি পালনোপলক্ষে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ। দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয় খাবার।

এর আগে দিবসটির প্রথম প্রহরে সোমবার রাত ১২টা ১ মিনিটে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে মোমবাতি প্রজ্বালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার ঘনিষ্ঠ চার সহচর, মুক্তিযুদ্ধের শীর্ষ চার সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

ওই বছরের ৩ নভেম্বর রাতে রাষ্ট্রীয় হেফাজতে থাকার মধ্যে কারাগারে ঢুকে হত্যা করা হয় এই চার নেতাকে।