ধামরাইয়ে নারী শ্রমিকের লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ধামরাইয়ের বানেশ্বর গ্রামের একটি ক্ষেত থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ধামরাই থানার এসআই অপূর্ব দাশ।
নিহত শীলা আক্তার (২৮) ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী ও ‘তারাসিমা গার্মেন্টেসের’ পোশাক শ্রমিক।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শীলার লাশ দেখে এলাকাবাসীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় শীলার লাশ উদ্ধার করে।
রাতের যে কোন সময় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা এই পুলিশ কর্মকর্তার।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
