ময়মনসিংহে ‘ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে’ আহত ৬
ময়মনসিংহে ‘ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ ও চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার চুরখাই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা ডিবি পুলিশের ওসি ইমারত হোসেন গাজি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল অস্ত্রধারী ডাকাতির প্রস্তুতি নিলে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ ও চার পুলিশ সদস্য আহত হন।
পুলিশ পরে ডাকাতদের ব্যবহৃত পাইপগানসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
গুলিবিদ্ধ দুই ডাকাত ও আহত চার পুলিশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি ইমারত।
