পটুয়াখালীতে অস্ত্রসহ আটক ৪
পটুয়াখালীতে একজন আইনজীবীসহ চারজন অস্ত্রসহ আটক হয়েছে।
মঙ্গলবার সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, রাতভর অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে পটুয়াখালী শহরের মুসলিমপাড়ার বাসিন্দা ও হাইকোর্টের আইনজীবী মাজাহারুল ইসলাম রিংকু (৩২), কলাতলা এলাকার মো. শফিকুল ইসলাম, আউলিয়াপুর এলাকার মো. আলম মীরা ও মো. ফরিদ হোসেনকে আটক করা হয়েছে।
ফরিদ আটক হওয়ার পর রিংকুর কাছে অস্ত্র আছে জানালে তাকে তার বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তলসহ আটক করা হয়। শফিকুলের কাছ থেকে একটি দেশিয় বন্দুক, আর ফরিদের কাছ থেকে দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
পটুয়াখালীর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল খালেক বলেন, ফরিদের তথ্য অনুযায়ী রিংকুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সুর্নিদৃষ্ট কোন অভিযোগ নেই।
