২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিভিউ শুনানির আগে সাকা চৌধুরীর স্ত্রীর রিট আবেদন

সংবিধানের পঞ্চদশ সংশোধনীসহ চারটি বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে গেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী, যার উপর ভিত্তি করে যুদ্ধাপরাধের বিচার চলছে এবং তাতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এই বিএনপি নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 12:03 AM

Updated : 22 Aug 2022, 01:46 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায় আপিলেও বহাল থাকার পর তা পর্যালোচনার (রিভিউ) আবেদনের শুনানির পর্যায়ে সোমবার ফারহাত কাদের চৌধুরী এই আবেদন করেন।

সুপ্রিম কোর্টে তার এই আবেদনের দিনই আপিল বিভাগে সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদনের শুনানির দিন ঠিক হয়। ওই শুনানি ১৭ নভেম্বর হবে। রিভিউ খারিজ হলে এই যুদ্ধাপরাধীদের ফাঁসি এড়াতে শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগই কেবল থাকছে।

ফারহাত কাদের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা ব্যক্তি ও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের সুযোগসহ চার বিষয় চ্যালেঞ্জ করেছেন বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও এর একটি অনুলিপি নিয়ম অনুসারে আসে।

মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের ৪৭ (৩) তে যুক্ত করা হয়েছে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ যদি কেউ করে সেক্ষেত্রে ব্যক্তি বা ব্যক্তিসমষ্টির বিচারের বিষয়টি। এই ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি অন্তর্ভুক্ত করার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৬ ধারা অনুসারে হাই কোর্টের বিচারপতিদের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা সদস্য করা হয়, এটিও চ্যালেঞ্জ করছেন সালাউদ্দিন কাদেরের স্ত্রী।

অ্যাটর্নি জেনারেল বলেন, “ওই সেকশনের পরিপ্রেক্ষিতে যে দুটি নোটিফিকেশন হয়েছিল, বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং পরবর্তী সময়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও অন্যদের সদস্য করে যে নোটিফিকেশন করা হয়েছিল সেটি।

“সর্বশেষ এই ট্রাইব্যুনাল কোরাম নন জুডিশ, ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত যে রায় (সালাউদ্দিন কাদেরের রায়) সেই রায়টি অবৈধ ঘোষণা করা।”

‘কোরাম নন জুডিশ’ কেন দাবি করা হচ্ছে- এই প্রশ্নে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, “হাই কোর্টের বিচারপতিদের (ট্রাইব্যুনালে) দেওয়া হয়েছে। হাই কোর্টের বিচারপতিরা হাই কোর্ট ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবে না। তাদের দাবি, ট্রাইব্যুনালের গঠন অবৈধ ও এখতিয়ার ছিল না।”

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে ২০১৩ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের আগে তার খসড়া ফাঁস হয়েছিল। তা নিয়ে করা মামলায় ফারহাত কাদেরও আসামি।