অবস্থা বদলাতে চান আইনমন্ত্রী
ছেলের হত্যার পর অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের বিচার না চাওয়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এরকম বক্তব্য যেন দিতে না হয় সে ব্যবস্থা তিনি নেবেন।
সোমবার সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকরা নিহত ফয়সল আরেফিন দীপনের বাবার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, “একজন ভিক্টিম, একজন পিতা, তার ছেলেকে হত্যা করা হয়েছে। এরপর তিনি বলছেন, ‘বিচার চান না’। আমার কাছে এর থেকে দুঃখের কিছু হতে পারে না।
“আমি চেষ্টা করব, তার আবেগ থেকে এবং তার বাস্তবতার নিরিখে তিনি যে বক্তব্য নিয়েছেন, সেই বক্তব্য যাতে পরে আর না দেন, সেই রকম একটা অবস্থা সৃষ্টি করতে।”
শাহবাগে নিজের কার্যালয়ে ছেলে ফয়সল আরেফিন দীপন খুন হওয়ার পর ক্ষোভ প্রকাশ করে আবুল কাসেম বলেছিলেন, ছেলে হত্যার বিচার তিনি চান না।
যারা ধর্মনিরপেক্ষতাবাদ ও রাষ্ট্রধর্ম নিয়ে ‘রাজনীতি’ করছেন তাদের শুভবুদ্ধি উদয় হবে- এমন প্রত্যাশাই তার।
এই বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবীণ অধ্যাপক-লেখককে হত্যাকারীদের আদর্শে বিশ্বাসী বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
অবশ্য তোপের মুখে তাই ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
দীপন হত্যার বিচারে আইন মন্ত্রণালয় থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সীমাবদ্ধতার কথাও সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, “আমার দায়িত্বটা প্রসিকিউশনকেন্দ্রিক। তবে তদন্তকারী সংস্থা যতক্ষণ পর্যন্ত অভিযোগপত্র দাখিল না করবে, ততক্ষণ পর্যন্ত কোর্টের কোনো কাজ শুরু হয় না।”
শনিবার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয় দীপনকে। তিনি এই প্রকাশনা সংস্থাটির মালিক ছিলেন।
একইদিন লালমাটিয়ায় আরেকটি প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করা হয় এর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ তিন জনকে।
টুটুল ও দীপন দুজনই গত ফেব্রুয়ারিতে নিহত অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন। অধ্যাপক কাসেমের সহকর্মী অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিতকে জঙ্গিরা হত্যা করেছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
