২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরের পর শিশুর চুল কর্তন: মামলা, গ্রেপ্তার ১

খুলনা নগরীতে ফুল ছেঁড়ার অভিযোগে এক শিশুকে মারধরের ঘটনায় তিন জনের ‍বিরুদ্ধে মামলা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 06:08 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

সোমবার দুপুরে শিশুটির মা ফরিদা বেগম বাদী হয়ে হরিণটানা থানায় মামলাটি করেন বলে জানান ওই থানার ওসি মো. মিজানুর রহমান।

আসামিরা হলেন- নগরীর ইসলাম নগর এলাকার মো. নাজিম উদ্দিন (৫০), তার স্ত্রী দোলে নুর বেগম (৪৫) ও ছেলে দুর্লভ (২১)।

মামলার পর দোলে নুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, রোববার রাতে প্রতিবেশী নাজিম উদ্দিনের বাগান থেকে ফুল ছেঁড়ার অভিযোগে রবিউল ইসলাম রাঙ্গাকে (১০) বেদম মারধর এবং তার চুল কেটে দেওয়া হয়।

আহত শিশুটিকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।