‘হত্যা-হামলায় থামবে না মুক্তবুদ্ধির চর্চা’
একই দিনে এক প্রকাশককে হত্যা এবং আরেক প্রকাশকসহ তিনজনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়ে প্রকাশনা শিল্প সংশ্লিষ্টরা বলেছেন, হত্যা-হামলার মাধ্যমে মুক্তবুদ্ধির চর্চা বন্ধ করা যাবে না।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।
সমিতির নির্বাহী পরিচালক মোস্তফা সেলিম মানববন্ধনে বলেন, “প্রকাশককে হত্যা করে প্রকাশনা জগৎকে অশান্ত করতে চায় দুর্বৃত্তরা। এই সব ঘটনায় প্রকাশকরা আরও সাহসী হবেন। প্রকাশককে হত্যা করে মুক্তবুদ্ধির চর্চা রুদ্ধ করা যাবে না।”
সমিতির সদস্য ও সাবেক পরিচালক ফয়সল আরেফিন দীপনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
গত শনিবার ঢাকায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।
আর লালমাটিয়ায় শুদ্ধস্বর কার্যালয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয় এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, ব্লগার তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে।
এই দুই প্রকাশনী থেকে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের কয়েকটি বইটি প্রকাশিত হয়েছিল, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন।
জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মফিদুল হক মানববন্ধনে বলেন, এ দুই প্রকাশনী বাংলাদেশের প্রকাশনা জগৎকে ‘সমৃদ্ধ’ করেছে। নিহত দীপনের অসমাপ্ত কাজ সমাপ্ত করবে প্রকাশনা গোষ্ঠী।
অন্যদের মধ্যে সংগঠনের সহ সভপতি মিলন নাথ, পরিচালক মঞ্জুর নাথ, নজরুল ইসলাম বাহার, মনিরুল হক, আহমেদ মাহফুজল মানববন্ধনে বক্তব্য দেন।
