২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা ও মুজাহিদের রিভিউ শুনানি ১৭ নভেম্বর

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তাদের আপিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) যে আবেদন করেছেন, তার শুনানি হবে ১৭ নভেম্বর।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 10:37 AM

Updated : 22 Aug 2022, 01:45 PM

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার শুনানির এই দিন ঠিক করে দেয়।

এদিকে রিভিউ শুনানিতে পাঁচ পাকিস্তানিসহ আটজনের সাফাই সাক্ষ্য নেওয়ার যে আবেদন সালাউদ্দিন কাদেরকরেছিলেন, তা আদালত খারিজ করে দিয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে দুই আসামির পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।

যুদ্ধাপরাধের মামলা শুনতে গঠিত এই আপিল বেঞ্চের অপর তিন বিচারক হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এই বেঞ্চ গত ১৬ জুন একাত্তরের বদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদের যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। আর মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের রায় আসে ২৯ জুলাই।

দুই আপিলের রায়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল থাকে। তাদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় একই দিনে, ৩০ সেপ্টেম্বর।

এরপর নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল দুজনের মৃত্যু পরোয়ানা জারি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা সালাউদ্দিন কাদেরকে সেই মৃত্যু পরোয়ানা ১ অক্টোবর পড়ে শোনানো হয়।

দণ্ড কার্যকরের আগে দুই যুদ্ধাপরাধীর শেষ আইনি সুযোগ এই রিভিউ আবেদন। এ আবেদনে রায়ের কোনো পরিবর্তন না হলে তাদের শেষ সুযোগ থাকবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার।

এর আগে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের রিভিউ আবেদন একদিনের মধ্যে শুনানি শেষে খারিজ হয়ে গিয়েছিল। তারা রাষ্ট্রপতির ক্ষমা চাননি, পরে তাদের ফাঁসিতে ঝোলানো হয়।

নিয়ম অনুযায়ী, রিভিউ নিষ্পত্তির আগে দণ্ড কার্যকর করা যাবে না। রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।

সালাউদ্দিন কাদের ও মুজাহিদ রিভিউ আবেদন দায়েরের পর রাষ্ট্রপক্ষ শুনানির দিন নির্ধারণের জন্য গত ১৫ অক্টোবর আবেদন করে।

এরপর সালাউদ্দিন কাদের রিভিউ শুনানিতে পাঁচ পাকিস্তানিসহ আটজনের সাক্ষ্য নেওয়ার জন্য ১৯ অক্টোবর সুপ্রিম কোর্টে আবেদন করেন, যাতে আদালতে এসে সাক্ষ্য দেওয়ার জন্য ওই আটজনের নামে সমন জারির আরজি জানানো হয়।

এরা হলেন- পাকিস্তানের স্থপতি মুনিব আরজুমান্দ খান, পাকিস্তানের ডন গ্রুপের চেয়ারম্যান আমবর হারুন সায়গল, পাকিস্তানের সাবেক মন্ত্রী ইসহাক খান খাকওয়ানি, ভিকারুন্নেসা নূনের নাতি রিয়াজ আহমেদ নূন এবং পাকিস্তানের প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মিয়া মোহাম্মদ সুমরো।

২০ অক্টোবর এসব আবেদন অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে ওঠে, আদালত রিভিউসহ এ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।

পরে মুজাহিদের রিভিউ শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবীকে কনিষ্ঠ দুই আইনজীবী যাতে নির্বিঘ্নে সহায়তা করতে পারেন, সে নির্দেশনা চেয়ে ২৫ অক্টোবর আরেকটি আবেদন করা হয়।

দুটি মামলায়ই প্রধান আইনজীবী হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করতে যে আইনজীবী দল রয়েছে, তাতে শিশির মনির ও আসাদ উদ্দিন সদস্য রয়েছেন।

আসামির আইনজীবীদের অভিযোগ, ওই দুই আইনজীবীকে শুনানি থেকে বিরত রাখতে সরকার হয়রানি করছে। তাদের জন্যই আবেদন দুটি করা হয়। পাশাপাশি রিভিউ শুনানির আগে চার সপ্তাহ সময়েরও আবেদন করেন মুজাহিদের আইনজীবীরা।

সোমবার শুনানি শেষে আপিল বিভাগ সাকা চৌধুরীর আবেদন খারিজ করে রিভিউ শুনানির দিন ঠিক করে দেয়। মুজাহিদের আবেদনেও কোনো সাড়া দেয়নি আদালত।

Image
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, সাকা চৌধুরী ১৯৭১ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন বলে দাবি করে আসছেন। কিন্তু প্রসিকিউশনের পক্ষে আদালতে যে কাগজপত্র দাখিল করা হয়েছে সেখানে দেখা যায়, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি আহত হয়েছিলেন এবং সে সময় তার ভূমিকার জন্য ১৯৭২ সালে চারটি মামলা হয়েছিল।

“তিনি যদি দেশে না থাকতেন তাহলে ওই মামলাগুলো হলো কীভাবে? আর তিনি যদি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতেন…তিনি এটাও বলেছেন যে তিনি লিংকনস ইন-এ পড়াশোনা করেছেন… তিনি যদি তা করে থাকেন, তাহলে তো এই বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র আদালতে তার হাজির করার কথা।”

অন্যদিকে সাকা চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, “আমরা খুব আশা নিয়ে এসেছিলাম যে সাক্ষী আসবে, এফিডেভিড পাব, সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। মাননীয় আদালত এটা রিজেক্ট করে দিলেন।”

মুজাহিদের আবেদন প্রসঙ্গে তার আইনজীবী খন্দকার মাহবুব বলেন, কনিষ্ঠ দুই আইনজীবীর বিষয়ে আগাম জামিনের আবেদন না করায় আদালত তাদের বিষয়ে আবেদনটি খারিজ করে দিয়েছে। আর সময়ের আবেদন বিবেচনা করেই আদালত ১৭ নভেম্বর শুনানির দিন রেখেছে।

মুজাহিদের আবেদন শুনানি

কার্যতারিকায় ক্রম অনুসারে সকাল ১০টা ২৫ মিনিটে মুজাহিদের আবেদন উঠলে খন্দকার মাহবুব বলেন,   আইনজীবী শিশির মনিরের বাসায় পুলিশ তল্লাশি করেছে।

আদালত বলে, কবে করেছে?

খন্দকার মাহবুব বলেন, “২২ অক্টোবর। এরপর ২৭ অক্টোবর তার বাসায় গিয়ে ল্যাপটপ ও কম্পিউটার নিয়ে গেছে। আসাদ উদ্দিন নামের আরেক আইনজবীকে আটক করেছে।... প্রস্তুতি নেওয়া যায়নি,  সময় দরকার।”

এ সময় প্রধান বিচারপতি বলেন, “এতদিন কেন আগাম জামিনের আবেদন করেননি?”

খন্দকার মাহবুব বলেন, “আপনাদের  করেছি, যাতে আসামিপক্ষের আইনজীবীদের হয়রানি না করা হয়, এজন্য নির্দেশনা চাচ্ছি।”

এ অবস্থায় কোনো নির্দেশনা দিতে পারছে না উল্লেখ করে আদালত ১৭ নভেম্বর রিভিউ আবেদন শুনানির দিন ঠিক করে দেন।

সাকার আবেদন খারিজ

মুজাহিদের আবেদনের পর ক্রমঅনুসারে সালাউদ্দিন কাদেরের আবেদন শুনানির জন্য ওঠে।

খন্দকার মাহবুব বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্যর জন্য তাদের প্রতি সমন জারির একটা আবেদন রয়েছে।

প্রধান বিচারপতি বলেন, “আপনাদের এফিডেভিট ( হলফনামা আকারে সাক্ষীর বক্তব্য) ট্রাইব্যুনালে দিয়েছেন, ট্রাইব্যুনাল তা গ্রহণ করেনি।”

তখন খন্দকার মাহবুব বলেন, সাক্ষীদের বক্তব্য সরাসরি না হওয়ায় তা বিশ্বাস করেননি। 

প্রধান বিচারপতি বলেন,  “আপনি (সাকা চৌধুরী) গুলিবিদ্ধ হয়েছেন, ওই সময়ের  সংবাদপত্রে খবর ছাপা হয়েছে। ট্রাইব্যুনালে বিচারের সময় প্রসিকিউশনের তথ্য-উপাত্ত ও সাক্ষী দ্বারা সমর্থিত হয়েছে, রয়েছে প্রত্যক্ষদর্শী সাক্ষীও। এখন বলছেন, আপনি পাকিস্তানে ছিলেন। এটা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? আপনারা তো প্লি অ্যালি বাই প্রমাণ করতে পারেননি। 

“আপনি পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ও পড়েছেন বলে দাবি করেছেন। এর সমর্থনে ওই বিশ্ববিদ্যালয়ের কোনো সার্টিফিকেট দেননি। পাবলিক বিশ্বাবিদ্যালয়ে পড়েছেন, যদি ওখানে এডমিশন নেন তাহলে পেপার কোথায়? পাকিস্তানের বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট আনতে পারলেন না?”

জবাবে খন্দকার মাহবুব বলেন, “সার্টিফিকেট তো আছে।”

প্রধান বিচারপতি বলেন, “এক ডিপার্টমেন্টের (বিভাগীয়) অধ্যাপকের, এটি তো ব্যক্তিগত। এটা কি গ্রহণযোগ্য হতে পারে? হতে পারে না। আপনি লন্ডনে গেছেন, লিঙ্কনস ইনে (ব্যারিস্টার) ভর্তির কথা বলেছেন। কিন্তু সার্টিফিকেট কোথায়?

“ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের সময় এত কাগজ দিলেন, আপনি কী ছিলেন, দিনের পর দিন তা বললেন। আপনার বাবা কারাগারে মারা গেছেন বলেছেন। পাকিস্তান বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট আনতে পারলেন না?”

জবাবে খন্দকার মাহবুব বলেন, “আমি তো (সাকা চৌধুরী)বাবার ঘানি টানছি।” 

এ সময় প্রধান বিচারপতি বলেন, “ফজলুল কাদের চৌধুরীর ছেলেদের মধ্যে একাত্তরে আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন। আপনার বিরুদ্ধে ৭২ সালে মামলা হলো।..আমরা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট পর্যালোচনা করেছি।”

এই পর্যায়ে খন্দকার মাহবুব সাক্ষীদের সমন জারির আবেদন গ্রহণের আরজি জানান।

প্রধান বিচারপতি বলেন,“আপনি যে সব কথা বলছেন আমাদের (আপিল বিভাগ) রায়ে (মৃত্যুদণ্ড বহালের রায়) সব তুলে ধরেছি।

“যদি আপনার আবেদন গ্রহণ করা হয়, তবে এর পরিণতি কী হবে? আপনি গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। গাড়িচালক নিহত হয়েছে। আপনার বিরুদ্ধে তখন এফআইআরও হয়েছে।..এ সব তথ্য কী মিথ্যা?”

তখন খন্দকার মাহবুব বলেন, “এটাই শেষ সুযোগ। ন্যূনতম সন্দেহ থাকলে তা যাচাইয়ের জন্য বিষয়টি বিবেচনা করতে পারেন। আমার এফিডেবিট পরীক্ষা করে দেখুন।”

প্রধান বিচারপতি বলেন, “আপনার সব বক্তব্য আমাদের রায়ে আছে। কোনো পয়েন্ট বাদ পড়েনি, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে বলা হয়েছে, যাতে এনামলি না থাকে।..এ পর্যায়ে এ আবেদন গ্রহণ করার সুযোগ নেই। দুঃখিত।”

তখন খন্দকার মাহবুব বলেন, “(আসামিপক্ষের সাক্ষীদের) অডিও রেকর্ড আছে, তা শুনুন।”

আদালত এতেও ‘সরি’ বললে খন্দকার মাহবুব শুনানির প্রস্তুতি নিতে সময়ের আরজি জানান। এর বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে আদালত রিভিউ আবেদনের শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ঠিক করে দেন।

পুরনো খবর:

আদালতের কার্যতালিকায় সাকা-মুজাহিদের রিভিউ