অবস্থান স্পষ্ট করুন, আহ্বান সরকারকে
প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং আরেক প্রকাশকসহ তিনজনকে কুপিয়ে জখমের প্রতিবাদ জানিয়ে খুনিদের গ্রেপ্তার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা। ধর্মান্ধ-মৌলবাদীদের সম্পর্কে অবস্থান স্পষ্ট করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।
শনিবার টিএসসির রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক আকমল হোসেন, অধ্যাপক শফিকুজ্জামান, অধ্যাপক শান্তনু মজুমদার, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক মেহের নিগার, সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক, তানজীম উদ্দিন খান, সামিনা লুৎফা, জগণ্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব মীর, কলামনিস্ট আবুল মকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে সংহতি জানান।
একের পর এক মুক্তমনা লেখক-প্রকাশক খুন হওয়ার জন্য সরকারের দায় রয়েছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক শান্তনু মজুমদার।
তিনি বলেন, “সরকার মধ্যপন্থা ও নিরপেক্ষতার নাম করে আক্রমণকারী ও আক্রান্তদের একই পাল্লায় রেখে দিচ্ছে। সরকারের উচিত এখনই তার অবস্থান নিশ্চিত করা।”
তার সঙ্গে একমত প্রকাশ করে রাজীব মীর বলেন, “সরকারকে এই সব হত্যাকাণ্ডের বিপরীতে তাদের অবস্থান নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ যদি প্রগতিশীল জোটগুলোর সাপোর্ট চায় তাহলে অবশ্যই তাদের অবস্থান জানাতে হবে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে যখন তাদেরকেও হত্যা করা হবে তখন এই জনগণ তাদের পাশে দাঁড়াবে না।”
গত ফেব্রুয়ারিতে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিচার হলে এখন তার বইয়ের প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে প্রাণ দিতে হতো না বলে মন্তব্য করেন ফাহমিদুল হক।
“দীপনকে হত্যা করা হয়েছে যাতে অভিজিতের বই বাজারের আসতে না পারে। আবার কি যারা অভিজিতের লেখা পড়ছে তাদের হত্যা করা হবে?,” বলেন তিনি।
আবুল মকসুদ বলেন, “কয়েক বছরে যে সব গুপ্তহত্যা হয়েছে তার একটিরও বিচার হয়নি। যে কারণে দীপনের বাবা ছেলে হত্যার বিচার চাননি। রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে।
“আজ মানুষ এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতেও ভুলে যাচ্ছে। হত্যাকাণ্ডের বিচার আশা করা দুরাশা মাত্র।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র যদি তার অবস্থান নিশ্চিত না করে তাহলে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা নষ্ট হবে। এটি রাষ্ট্রের জন্যও ক্ষতিকর, জনগণের জন্যও ক্ষতিকর।”
ঘাতকদের রুখতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যাপক শফিকুজ্জামান বলেন, “মৌলবাদী শক্তি জ্ঞানকে ভয়, তাই তারা মুক্তচিন্তার মানুষকে হত্যা করছে। তাই বলি তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, জ্ঞানকে ছড়িয়ে দিতে।”
সুশীল সমাজের প্রতিনিধিদের সমালোচনা করে অধ্যাপক তানজীম উদ্দিন খান বলেন, “অবাক হই, সব হত্যাকাণ্ডের পর সুশীলরাও একভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এবং রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেন। এর কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।”
ক্ষুব্ধ কণ্ঠে প্রকাশক দেলোয়ার হোসেন বলেন, “আমার কথা তিনটা- হয় ৪৮ ঘণ্টার মধ্যে এই হত্যার বিচার করতে হবে, অথবা ৪৮ ঘণ্টার মধ্যে আমাকেও হত্যা করতে হবে অথবা ৪৮ ঘণ্টার মধ্যে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।”
এই সমাবেশ থেকে দীপন হত্যার প্রতিবাদে সোমবার বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
দীপন হত্যাকাণ্ডের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও কর্মসূচি পালন করেছেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘কবি-লেখক-চিন্তক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ ব্যানারে মানববন্ধন হয়।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “সরকার আজ জনগণের নিরাপত্তা না দিয়ে সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে। তাই বার বার মুক্তমনা লেখকদের খুন হতে হচ্ছে।”
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক খালেদ হোসাইন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক আমিনুল ইসলাম (দুর্জয়), অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক সুফী মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক সৈয়দ মঈনুল আলম নিজার, হিমেল বরকত উপস্থিত ছিলেন।
এর আগে প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।
হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে সিপিবি-বাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় কমিউনিস্ট লীগ, বাংলাদেশ যুব মৈত্রী, নাগরিক ঐক্য, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরামসহ বিভিন্ন সংগঠন।
প্রকাশকদের উপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে সিপিবি-বাসদ জোট।
সরকারের কঠোর সমালোচনা করে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “ধারাবাহিকভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিদেশি হত্যা, তাজিয়া মিছিলের পর গতকালের হামলা সরকারের ব্যর্থতাকে আরও স্পষ্ট করে তুলেছে। সরকারের ভূমিকা এখন প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ।”
নিরাপত্তার জন্য দেশবাসীকে সরকারের উপর আর ‘নির্ভর’ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন সরকার ও প্রশাসনের ওপর নির্ভর না করে সারা দেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে। জনগণকেই সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আত্মরক্ষার ব্যবস্থা জনগণকেই করতে হবে এবং এজন্য পাড়া-মহল্লা, স্কুল কলেজ সর্বত্র প্রতিরোধ ব্রিগেড গড়ে তুলতে হবে।”
“স্বাধীনতাবিরোধী, মৌলবাদী-সাম্প্রদায়িক চক্রের ইন্ধন ছাড়া এ ধরনের সিরিজ হত্যাকাণ্ড সম্ভব নয়। দুইজন শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির অপেক্ষায় যখন দেশ, ঠিক তার আগ মুহূর্তে এই ধরনের হত্যাকান্ড সেই ঘটনারই ইঙ্গিত করে,” বলেন তিনি।
প্রকাশক দীপন হত্যার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, “আড়াই বছর আগে গণজাগরণ মঞ্চের রাজিব হায়দার হত্যার পর আমরা সরকারকে বার বার বলেছি, ঘাতকদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অথচ একজন ঘাতকেরও বিচার বা শাস্তি হয়নি।”
যুদ্ধাপরাধের বিচার দাবি আন্দোলনের এই সংগঠক বলেন, “যুদ্ধাপরাধের বিচার আরম্ভের পর থেকে সারা দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সন্ত্রাস, নাশকতা ও হত্যার পথ বেছে নিয়েছে জামায়াত। অবিলম্বে সকল সন্ত্রাসের গডফাদার জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করে তাদের যাবতীয় অঙ্গসংগঠন ও মওদুদীবাদী প্রকাশনা ও কার্যক্রম বন্ধ করার জোর দাবি জানাই।”
বাংলাদেশে ব্লগারদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে উল্লেখ করে সরকারের ‘যথাযথ পদক্ষেপ ও তদন্তের অভাবে’ উদ্বেগ প্রকাশ করেছে অধিকার সংগঠন আর্টিকেল ১৯।
এক বিবৃতিতে তারা বলেছে, “বাংলাদেশে কমিউনিকেটরদের বিরুদ্ধে তীব্র মাত্রায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যেখানে গভীর উদ্বেগের বিষয় হলো সরকারের যথাযথ পদক্ষেপ ও তদন্তের অভাব।
“এই সব হামলার ব্যাপারে রাষ্ট্রের এহেন জবাবদিহির অভাব এদেশে মত প্রকাশের স্বাধীনতাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।”
আর্টিকেল ১৯ এর দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান বিবৃতিতে বলেন, “ব্লগার ও সাংবাদিকদের টার্গেট করে হামলা ও হত্যায় দায়মুক্তি উগ্র গোষ্ঠীর আরও শক্তিশালী হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করছে, কেননা কোনো পরিণতির আশঙ্কা ছাড়া তারা ভিন্নমতালম্বীদের স্তব্ধ করে দিতে পারে।”
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গত ছয় মাসের কম সময়ে চারজন ব্লগার নিহত হয়েছেন।
“ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলা ছাড়া এ বছর হত্যার শিকার হওয়া বাকি তিন ব্লগার হত্যাকারীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি। যেটা ইঙ্গিত করছে তদন্ত ও বিচারে আরো বেশি সময় লাগতে পারে। গত বছর নিহত হওয়া সাংবাদিক সরদার নিপুল ও দেলোয়ার হোসেনের বিচারও এখনো শুরু হয়নি।
“যথাযথ ব্যবস্থা গ্রহণে এহেন বিলম্ব, তদন্তে ধীরগতি, দোষীদের দোষী সাব্যস্ত না হওয়া সন্ত্রাসীদের আরও শক্তিশালী করে তুলছে, যা দায়মুক্তির সংস্কৃতিকে আরও জোরালো করে তুলছে।”
দীপনের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
