২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিতে থাকা নাগরিকদের নিরাপত্তা দিন: জাতিসংঘ

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হামলার ঝুঁকিতে থাকা নাগরিকদের নিরাপত্তার জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 08:55 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশে বাধা দিতে দীপনকে হত্যা এবং প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, ব্লগার তারেক রহিম ও লেখক রনদীপন বসুর ওপর হামলা হয়েছে মন্তব্য করে এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি. ওয়াটকিনস বলেন, “ভবিষ্যতে এ ধরনের হামলা রুখতে সব পর্যায়ের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব থেকে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানাতে হবে।”

অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে প্রকাশকদের উপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “চলতি বছরের শুরু থেকে অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ এবং নীলয় চক্রবর্তী হত্যাকাণ্ডের মতো এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডগুলো সহিংস চরমপন্থা রুখতে আমাদের উভয় সরকারের যৌথ প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেয়।”

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলে এতে বলা হয়েছে।

এদিকে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হোয়াইট হেলিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নীলয় চট্টোপাধ্যায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাশ এবং অভিজিত রায়ের মত মুক্তমনা ব্লগারদের হত্যার পর আমরা যেভাবে বাংলাদেশের মানুষের পক্ষে ছিলাম, এখনও রয়েছি। চরম উগ্রপন্থা দমনে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের চলমান যৌথ উদ্যোগকে এহেন অপকর্ম কোনভাবেই থমকে দিতে পারবে না।”

প্রকাশকদের উপর হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশে স্বাধীন মত প্রকাশের সুযোগ ‘সংকুচিত’ হওয়ার শঙ্কা প্রকাশ করেছে জার্মানি।

এক বিবৃতিতে জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ বলেন, “এসব হামলা এদেশে ভীতিকর আবহ তৈরি করছে।

“মুক্তমনাদের নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নিতে আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

শিয়া সমাবেশে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলারও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত।

তিনি বলেন, “বাংলাদেশে মুক্তমনাদের উপর সাম্প্রতিক হামলাগুলো অত্যন্ত উদ্বেগের। ধর্মনিরপেক্ষতা এদেশের অন্যতম মূল্যবোধ। বিভিন্ন ধর্ম ও মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য বাংলাদেশের পরিচিতি রয়েছে। সাম্প্রতিক হামলাগুলো শুধু ব্যক্তির উপর হামলা নয়, মতপ্রকাশের মৌলিক অধিকারের উপর হামলা।”

প্রকাশকদের উপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আহ্বান জানিয়েছে ফ্রান্সও।