প্রকাশক ও লেখক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
ঢাকায় জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফীন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণদীপম বসু ও কবি তারেক রহিমকে হত্যাচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ হয়েছে।
রোববার দুপুরে শহীদ আলাউদ্দীন চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া ) আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জাসদের নেতা আশেক-ই-এলাহী, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ শুভ্র প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে মুক্তচিন্তার পথ রুদ্ধ করা হচ্ছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এতে সারাবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
বক্তারা অবিলম্বে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
