২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসত ঘরেই স্বজনের কবর আর সংসার

থাকার ঘর, রান্নাঘর, উঠোন এমনকি গোসলখানায় প্রয়াত স্বজনকে কবর দিয়ে আসছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মৎসজীবী সরদার পাড়ার বাসিন্দারা।

পলাশ রায়

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 07:39 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

আমুয়া ইউনিয়নের হলতা নদীপাড়ের এই মৎসজীবীরা শত বছর আগে নদীতে নৌকায় বাস করত। পরে নদীপাড়ে বর্তমান আমুয়া বন্দরে বসতি গড়ে বলে জানান স্থানীয় সমাজকর্মী মো. ফারুক হোসেন খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরদার পাড়ার ইতিহাস দীর্ঘদিনের। শত বছর আগে তারা বেদে সম্প্রদায়ভুক্ত ছিল; নদীতে নৌকায় বসবাস করত। পরে তারা মুসলমান হয়।

সামাজিক বৈষম্যের কারণে উপজেলার সর্বজনীন গোরস্থানে তাদের কারো কবর দেওয়ার রেওয়াজ হয়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি।

সরজমিনে দেখা যায়, রান্নাঘরে চুলা জ্বলছে, তার পাশেই কবর। কোনো কোনো ঘরের মেঝেতে বাবা-মা কিংবা স্বজনের কবর। আর তার ওপরে বিছানা।

সরদার পাড়ার বাসিন্দা মো. আব্দুল হাই সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাত্র এক-দেড় একর জমিতে আমরা তিন শতাধিক পরিবার বাস করছি। ঠাসাঠাসি করা ঘর। থাকার জমিরই অভাব।

“যার কারণে বাধ্য হয়ে এ ব্যবস্থা।”

আবুল সরদার নামের এক বাসিন্দা বলেন, “আমার শাশুড়ি ফাতেমা বিবিকে পাঁচ-ছয় বছর আগে বারান্দায় করব দিছি।

“আমারা গরিব জেলে। ভাঙা ঘরে নিজেদের লোকজনেরই থাকার জায়গা হয় না।”

মো. জালাল সরদারের অভিযোগ, “নেতারা নির্বাচন আইলে আমাগো কবরস্থান বানাইয়া দেয়ার কতা কয়, কিন্তু নির্বাচন গেলে সব ভুইলা যায়। জমি কিনমু, কবরস্থান বানামু, হে টাকা তো আমাগো নাই।’

সম্প্রতি এই সম্প্রদায়ের এক কন্যাকে বিয়ে করেন কাঁঠালিয়া উপজেলার সাংবাদিক নাসির উদ্দিন আকাশ।

আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্ত্রীর মতো এ পাড়ার অনেকেই এখন লেখাপড়া করছে। তবে বেশির ভাগ মানুষই চরম দরিদ্র। ছোট্ট এ পাড়াটিতে হাজার লোক বসবাস করছে।”

তিনি আরো বলেন, আমুয়া বন্দরটি সভ্যতার ছোঁয়ায় উন্নত হয়েছে, কিন্তু সরদার পাড়ার উন্নয়নে জনপ্রতিনিধিরা এগিয়ে আসেননি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও জমি সংকটে সরদার পাড়ার জন্য একটি কবরস্থান করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন এই চেয়ারম্যান।

কাঁঠালিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত ইউএনও এ বি এম সাদিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা চাইলে উপজেলা কবরস্থানেও কবর দিতে পারবেন।

“তারা আসলে নিজেরাই এখানে কখনো আসেননি। তবে তাদের জন্য খাসজমিতে নতুন কবরস্থান বানানোর জন্য জমি খোঁজা হবে।”

সরদার পাড়ার কাছাকাছি কবরস্থান নির্মাণের জন্য জমি খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ঝালকাঠি জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ুয়া।